ভয়ের পরিবেশ কাটিয়ে রাজ্য এগোচ্ছে আস্থার পথে, শুভেন্দুর প্রশংসায় নিতিন নবীন

সকাল সকাল ডেস্ক

কলকাতা, ২৮ সেপ্টেম্বর: দুই দিনের রাজ্য সফরে এসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। তাঁর দাবি, একসময়ের ভয়ের পরিবেশ কাটিয়ে রাজ্য এখন আস্থার পথে এগিয়ে চলেছে। পাশাপাশি নির্বাচন কমিশন বিতর্ক নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনা করে তিনি বলেন, বিরোধীদের এই আক্রমণ আসলে ‘হতাশা ও বিভ্রান্তি’র বহিঃপ্রকাশ। সোমবার কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিতিন নবীন জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে বিজেপি নির্বাচনী ইস্তাহারে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, তা খুব অল্প সময়ের মধ্যেই বাস্তবায়িত করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘মোদীর গ্যারান্টি’ পূরণে সরকার প্রশংসনীয় ভূমিকা নিয়েছে উল্লেখ করে তিনি মুখ্যমন্ত্রী ও তাঁর গোটা টিমকে অভিনন্দন জানান।

রাজ্যের যুবসমাজের সঙ্গে তাঁর সাম্প্রতিক মতবিনিময় তুলে ধরে বিজেপি সভাপতি বলেন, “পশ্চিমবঙ্গের সংস্কৃতি, শিল্প, সাহিত্য ও ক্রীড়ার এক উজ্জ্বল ইতিহাস রয়েছে। বর্তমান সরকার সেই গৌরব পুনরুদ্ধারে সচেষ্ট। যুবসমাজের নতুন উদ্যম ও নানা সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই ইঙ্গিত দিচ্ছে যে বাংলা আবার নিজের ঐতিহ্যকে সম্মান জানিয়ে সামনের দিকে এগোবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে যেমন ‘বিকশিত ভারত’ গড়ে উঠছে, তেমনই সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়তে আমরা দায়বদ্ধ।”

অন্যদিকে, নির্বাচন কমিশন সংক্রান্ত বিতর্ক ঘিরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তৃণমূল ও কংগ্রেসকে একযোগে নিশানা করেন। নিতিন নবীন কটাক্ষের সুরে বলেন, “এ সবই হতাশার লক্ষণ। কেরলম, তামিলনাড়ু বা কর্ণাটকে জিতলে এই বিরোধী দলগুলির কমিশনের ওপর কোনও অভিযোগ থাকে না; অথচ পশ্চিমবঙ্গ বা গুজরাটে হারলেই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় তোলা হয়। এই ধরনের দ্বিচারিতা মানুষ মেনে নেবে না। নির্বাচনে পরাজয়ের পর জনগণের রায় থেকে তৃণমূলের শিক্ষা নেওয়া উচিত।”

Read More News

Read More