সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : বিরোধীদের ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে মঙ্গলবার রাজধানী দিল্লিতে পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের (কালীঘাট পন্থী) সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে পৌঁছেই দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের সফটওয়্যার দলের ভূমিকা নিয়ে সরব হন তিনি।
নির্বাচন কমিশনের কার্যকলাপের তীব্র সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা এখানে ‘ইন্ডি’ জোটের বৈঠকে অংশ নিতে এসেছি। আমাদের মূল লক্ষ্য হলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার এবং তাঁর সম্পূর্ণ সফটওয়্যার টিম, যাঁরা সাধারণ মানুষের সঙ্গে চরম প্রতারণা করেছেন।”

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে ব্যঙ্গাত্মক মন্তব্যও করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, “আমরা অনেক আগে থেকেই ওঁকে ‘ভ্যানিশ কুমার’ বলে ডাকছি।” একই সঙ্গে ভোটার তালিকা এবং নির্বাচনী প্রক্রিয়ায় সফটওয়্যারের মাধ্যমে প্রভাব বিস্তার করে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার মতো অভিযোগও তোলেন তিনি।
উল্লেখ্য, বুধবার নির্ধারিত ইন্ডি জোটের বৈঠকে নির্বাচন কমিশনের ভূমিকা, ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এবং বিরোধী দলগুলির যৌথ রণকৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। বৈঠকের আগে দিল্লিতে পৌঁছেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই আক্রমণ জাতীয় রাজনীতিতে নতুন করে আলোচনা তৈরি করেছে।
No Comment! Be the first one.