ভারত-আসিয়ান প্রতিরক্ষা সহযোগিতায় যৌথ গবেষণা ও প্রযুক্তি উন্নয়নে জোর রাজনাথের

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : সামুদ্রিক নিরাপত্তা, সাইবার হামলা মোকাবিলা, উদীয়মান প্রযুক্তি এবং প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির মধ্যে যৌথ গবেষণা ও সহযোগিতা বাড়ানোর প্রস্তাব দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর মতে, শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে নির্দিষ্ট প্রকল্পের মাধ্যমে দুই পক্ষের সহযোগিতাকে বাস্তব রূপ দেওয়া প্রয়োজন।

বুধবার নয়াদিল্লিতে আসিয়ান-ভারত প্রতিরক্ষা থিঙ্ক ট্যাঙ্ক ফোরামে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ বলেন, সামুদ্রিক নিরাপত্তা, সাইবার হুমকি, উদীয়মান প্রযুক্তি, বিপর্যয় মোকাবিলা এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়াতে একটি যৌথ গবেষণা কর্মসূচি তৈরি করা যেতে পারে। এর মাধ্যমে গবেষণার সমন্বয় বাড়ানোর পাশাপাশি নিরাপত্তা সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন সমাধান খুঁজে পাওয়া সম্ভব হবে।

প্রতিরক্ষামন্ত্রী গবেষকদের মধ্যে নিয়মিত আদানপ্রদানের উপরেও গুরুত্ব দেন। তরুণ গবেষকদের জন্য ফেলোশিপ, বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ এবং যৌথ গবেষণাপত্র প্রকাশের মতো উদ্যোগের মাধ্যমে ভারত ও আসিয়ানভুক্ত দেশগুলির গবেষকদের পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরির প্রস্তাব দেন তিনি।

রাজনাথের মতে, প্রাথমিক পর্যায়ে কয়েকটি নির্দিষ্ট প্রকল্প হাতে নেওয়া যেতে পারে। এর মধ্যে সামুদ্রিক বিপর্যয় মোকাবিলায় যৌথ মহড়া, ড্রোনবিরোধী প্রযুক্তি নিয়ে গবেষণা এবং সমুদ্রে নিরাপদ তথ্য আদানপ্রদানের ব্যবস্থা গড়ে তোলার মতো উদ্যোগ অন্তর্ভুক্ত হতে পারে।

সরকারি পর্যায়ের আনুষ্ঠানিক বৈঠকের পাশাপাশি গবেষক, বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকদের মধ্যে ধারাবাহিক আলোচনার উপরেও জোর দেন প্রতিরক্ষামন্ত্রী। এ জন্য ‘ট্র্যাক ১.৫’ ও ‘ট্র্যাক ২’ পর্যায়ের আলোচনাকে আরও সক্রিয় করার প্রস্তাব দেন তিনি।

রাজনাথ বলেন, ভারত এমন একটি ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তুলতে চায়, যেখানে বড় ও ছোট—সব দেশই নিজেদের সিদ্ধান্ত গ্রহণ, স্বার্থ রক্ষা এবং শান্তিপূর্ণভাবে উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাবে। এই ফোরামের আলোচনা যেন বাস্তব সহযোগিতা, যৌথ গবেষণা এবং মানুষের নিরাপত্তা ও জীবনযাত্রার উন্নতিতে কার্যকর সমাধানের পথ তৈরি করে, সেই আহ্বান জানান তিনি।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More