সকাল সকাল ডেস্ক
রাঁচি : ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মা রূপী সোরেনের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ বার্তা দিয়ে রূপী সোরেনের প্রয়াণে শ্রদ্ধা জানান তিনি। একইসঙ্গে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, কল্পনা সোরেন এবং তাঁদের সমগ্র পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সাঁওতালি ভাষায় ‘এক্স’-এ একটি বার্তা পোস্ট করে রূপী সোরেনের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আদিবাসী সম্প্রদায়ের ক্ষমতায়ন এবং সার্বিক কল্যাণে রূপী সোরেনের অবদানের কথা স্মরণ করে তাঁর প্রয়াণকে অত্যন্ত বেদনাদায়ক বলে উল্লেখ করেন তিনি। শোকের এই কঠিন সময়ে তাঁর চিন্তা ও সমবেদনা হেমন্ত সোরেন, কল্পনা সোরেন এবং তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।
বার্তায় প্রধানমন্ত্রী মোদী লেখেন, “রূপী সোরেন জীর প্রয়াণে অত্যন্ত ব্যথিত হয়েছি। তিনি সর্বদা আদিবাসী সম্প্রদায়ের উন্নতির জন্য কাজ করে গেছেন। শোকের এই মুহূর্তে হেমন্ত সোরেন জী, কল্পনা জী এবং তাঁদের পুরো পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল।”
উল্লেখ্য, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের মা এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার প্রতিষ্ঠাতা প্রয়াত শিবু সোরেনের স্ত্রী রূপী সোরেন বুধবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিটে কিডনি বিকল হয়ে বারিয়াতু রোড সংলগ্ন হিল ভিউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তাঁর চিকিৎসার দায়িত্বে থাকা চিকিৎসক নিতেশ প্রিয়া জানান, গত দুই বছর ধরে গুরুতর কিডনি রোগে ভুগছিলেন রূপী সোরেন।
মায়ের প্রয়াণে আবেগঘন বার্তা দেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনও। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, “বাবা চলে যাওয়ার পর মা-ই ছিলেন আমার মাথার ওপর সবচেয়ে বড় ছায়া। আজ সেই ছায়াও প্রকৃতির কোলে বিলীন হয়ে গেল।”
রূপী সোরেনের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়তেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা-সহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা হাসপাতালে পৌঁছাতে শুরু করেন। তাঁরা মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে দেখা করে তাঁকে সান্ত্বনা জানান। রাত প্রায় ১০টা নাগাদ রূপী সোরেনের পার্থিব দেহ মোরাবাদী এলাকায় প্রয়াত শিবু সোরেনের বাসভবনে নিয়ে যাওয়া হয়।
No Comment! Be the first one.