সকাল সকাল ডেস্ক
আরামবাগ, ৮ অক্টোবর :
আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বাসকর্মীদের হাতে বোনাস তুলে দেওয়ার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করল তারকেশ্বর–আরামবাগ–গড়েরঘাট বাস অ্যাসোসিয়েশন। রুট নম্বর ১৬/২০-এর বাসকর্মীদের বোনাস প্রদানের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ এবং আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।
শারদোৎসবের সার্বিল আনন্দ পরিবহন কর্মীদের সঙ্গে ভাগ করে নিতেই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করা হয়। পুজোর মুখে হাত খরচ ও বোনাস পেয়ে কর্মীদের উৎসবের আনন্দ বহুগুণ বেড়ে যাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত অতিথিবর্গ। সাধারণ মানুষের যাতায়াত সুগম রাখতে বাস পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদের নিরবচ্ছিন্ন অবদানের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি তাঁদের পাশে থাকার বার্তা দেওয়া হয় এই মঞ্চ থেকে।
অনুষ্ঠানে শারদোৎসব উপলক্ষে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এর পাশাপাশি বাস পরিষেবার সঙ্গে যুক্ত চালক, কন্ডাক্টর ও কর্মীদের সার্বিক সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। তারকেশ্বর–আরামবাগ–গড়েরঘাট বাস অ্যাসোসিয়েশনের সৌজন্যে আয়োজিত এই বোনাস প্রদান অনুষ্ঠানকে কেন্দ্র করে বাসকর্মীদের মধ্যে চরম উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়। উৎসবের ঠিক প্রাক্কালে এই মানবিক উদ্যোগ কর্মীদের মুখে হাসি ফোটানোর পাশাপাশি শারদীয় আনন্দকে আরও দ্বিগুণ করে তুলেছে।
No Comment! Be the first one.