জনসেবায় ২৫ বছর পূর্ণ প্রধানমন্ত্রী মোদীর, অভিনন্দন অমিত শাহের

সকাল সকাল ডেস্ক

নয়াদিল্লি : জনসেবায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছর পূর্ণ হওয়ায় তাঁকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত মোদীর দীর্ঘ রাজনৈতিক যাত্রার কথা তুলে ধরে তাঁর নেতৃত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডের প্রশংসা করেন শাহ।

বুধবার সমাজমাধ্যমে দেওয়া এক বার্তায় অমিত শাহ লেখেন, ২৫ বছর ধরে সেবা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন। তাঁর বক্তব্য, এই দীর্ঘ পথচলার পিছনে রয়েছে নিরলস পরিশ্রম, দৃঢ় সংকল্প এবং দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখার মানসিকতা।

২০০১ সালের ৭ অক্টোবর গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন নরেন্দ্র মোদী। অমিত শাহ বলেন, সেই সময় থেকে মুখ্যমন্ত্রী এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর কাজের মূল লক্ষ্য থেকেছে সাধারণ মানুষের কল্যাণ, মহিলাদের ক্ষমতায়ন, যুবসমাজের অগ্রগতি এবং সমাজের সব অংশের উন্নয়ন।

মোদীর প্রশাসনিক কাজের ধরন নিয়েও প্রশংসা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর মতে, মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নীতি প্রণয়ন, সেই নীতির কার্যকর বাস্তবায়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ, প্রশাসনে স্বচ্ছতা এবং কাজের ফলাফলের ওপর গুরুত্ব—এই বিষয়গুলির মাধ্যমে মোদী সরকারের প্রশাসনিক পদ্ধতির একটি পৃথক ধারা তৈরি হয়েছে। একইসঙ্গে মোদী ‘কাজের রাজনীতি’র একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন বলেও মন্তব্য করেন শাহ।

গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন অমিত শাহ। ভূমিকম্পে বিধ্বস্ত কচ্ছের পুনর্গঠন, জ্যোতিগ্রাম প্রকল্পের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের উন্নতি, সৌরশক্তির প্রসার এবং ‘ভাইব্র্যান্ট গুজরাট’-এর মাধ্যমে বিনিয়োগ ও শিল্পের সুযোগ বৃদ্ধির কথা উল্লেখ করেন তিনি। কৃষিক্ষেত্রেও ৮ শতাংশের বেশি বৃদ্ধির হার অর্জিত হয়েছিল বলে জানান শাহ।

অমিত শাহের বক্তব্য, গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী যে প্রশাসনিক মডেল নিয়ে কাজ করেছিলেন, প্রধানমন্ত্রী হওয়ার পর তা আরও বৃহত্তর পরিসরে দেশের ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে। তাঁর মতে, গত ২৫ বছরের রাজনৈতিক জীবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যুক্ত থেকেছেন এবং দেশের উন্নয়ন ও জনকল্যাণের বিভিন্ন ক্ষেত্রে তাঁর উদ্যোগের প্রভাব পড়েছে।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More