আবাস যোজনায় কাটমানির অভিযোগে পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ

সকাল সকাল ডেস্ক

হরিশ্চন্দ্রপুর (মালদা): শনিবার আবাস যোজনার কিস্তির টাকা পাইয়ে দেওয়ার নামে ১০ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত কাটমানি নেওয়ার অভিযোগে উত্তাল হয়ে উঠল মালদার হরিশ্চন্দ্রপুর-১ ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের খড়মপুর গ্রাম। শনিবার সকালে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বিক্ষোভে সামিল হন গ্রামের একাংশ বাসিন্দা। অভিযোগের তির পঞ্চায়েত সদস্য উপেন যাদবের দিকে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত পঞ্চায়েত নির্বাচনে নির্দল প্রার্থী হিসেবে জয়ী হওয়ার পর তিনি তৃণমূল কংগ্রেসের সমর্থনে কাজ করছিলেন। অভিযোগ, প্রায় এক বছর আগে আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে একাধিক উপভোক্তার কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেওয়া হয়। টাকা না দিলে সরকারি প্রকল্পের সুবিধা মিলবে না এবং বিভিন্নভাবে হয়রানির শিকার হতে হবে বলেও ভয় দেখানো হয়েছে বলে দাবি গ্রামবাসীদের।স্থানীয় বাসিন্দা হরেন চৌধুরীর অভিযোগ, তাঁর কাছ থেকে ২৩ হাজার টাকা নেওয়া হয়েছে। নরেশ শর্মার দাবি, কিস্তির টাকা বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে ২০ হাজার টাকা আদায় করা হয়। একই ধরনের অভিযোগ করেছেন বাবুলাল চৌধুরী, সন্ধ্যা শর্মা-সহ আরও অনেকে।তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন উপেন যাদব। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ঘটনার তদন্ত ও উপভোক্তাদের টাকা ফেরতের দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন বিক্ষোভকারীরা।

Read More News

রেডিসন ব্লু হোটেলে এনডিএ বিধায়কদের ঐক্যের বার্তা, মক পোলের মাধ্যমে ভোটদান প্রশিক্ষণ

রাঁচি। ১৮ জুন ঝাড়খণ্ডে অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভা নির্বাচনকে কেন্দ্র করে এনডিএ শিবিরে উৎসাহ তুঙ্গে।...

Read More