সকাল সকাল ডেস্ক
ঐতিহাসিক বাকিংহাম প্যালেসের সামনে ক্রিকেটের আসর। ব্যাট-বল হাতে মাঠে নামলেন ব্রিটিশ রাজসিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম। তাঁর সঙ্গে ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্রায়ান লারা এবং ইংল্যান্ডের প্রাক্তন পেসার জেমস অ্যান্ডারসনের মতো তারকারা। মঙ্গলবার লন্ডনে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ক্রিকেট খেলার পাশাপাশি সৌরভের প্রশংসাও করেন প্রিন্স অফ ওয়েলস।
লন্ডনের বাকিংহাম প্যালেসের বাইরে ‘ক্রিকেট অন দ্য মল’ নামে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুম্বইয়ে অনুষ্ঠিত হতে চলা ‘আর্থশট প্রাইজ’ অনুষ্ঠানের প্রচারই ছিল এর মূল উদ্দেশ্য। পরিবেশ সংরক্ষণ ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার এই আন্তর্জাতিক পুরস্কারকে সামনে রেখে ক্রিকেটের মাধ্যমে বিশেষ প্রচার চালানো হয়।
অনুষ্ঠানে সৌরভ, লারা ও অ্যান্ডারসনের পাশাপাশি উপস্থিত ছিলেন ভারতের অজিঙ্ক রাহানে এবং ইংল্যান্ডের জো রুট। ক্রিকেট তারকাদের সঙ্গে খেলায় অংশ নেওয়ার পাশাপাশি উপস্থিত দর্শক ও ক্রিকেটপ্রেমীদের সঙ্গেও কথা বলেন প্রিন্স উইলিয়াম। সেই সময় সৌরভের প্রশংসা করে তিনি বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় অন্যতম সেরা ক্রিকেটার।’ ব্রিটিশ রাজপরিবারের সদস্যের মুখে প্রাক্তন ভারত অধিনায়কের এমন প্রশংসা বিশেষ নজর কেড়েছে।
এদিকে, আন্তর্জাতিক মঞ্চে এই সম্মান পাওয়ার পাশাপাশি ভারতীয় ক্রিকেটেও নতুন দায়িত্ব গ্রহণ করেছেন সৌরভ। আইপিএল ২০২৭ মরশুমের জন্য দিল্লি ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। গত দুই মরশুমে হেমাঙ্গ বাদানির প্রশিক্ষণে দিল্লি প্লে-অফে পৌঁছতে ব্যর্থ হওয়ার পর দলের কোচিং ব্যবস্থায় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
দিল্লি ক্যাপিটালসের সঙ্গে সৌরভের সম্পর্ক অবশ্য নতুন নয়। ২০১৯ সালে পরামর্শদাতা হিসেবে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হন তিনি। পরবর্তী সময়ে পুরুষ ও মহিলা দলের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব সামলানোর অভিজ্ঞতাও রয়েছে তাঁর।
নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সৌরভ। ফ্র্যাঞ্চাইজির প্রকাশিত বিবৃতিতে তিনি জানান, দিল্লি ক্যাপিটালস তাঁর হৃদয়ের অত্যন্ত কাছের একটি দল। দীর্ঘদিন ধরে দলের কর্ণধার, ম্যানেজমেন্ট, সাপোর্ট স্টাফ ও ক্রিকেটারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। আগামী মরশুমে প্রতিভাবান ক্রিকেটারদের নিয়ে শক্তিশালী ও ভয়ডরহীন দল গড়াই তাঁর প্রধান লক্ষ্য।
দিল্লি ক্যাপিটালসের মালিকানায় রয়েছে জিএমআর এবং জেএসডব্লিউ গোষ্ঠী। দুই সংস্থার মধ্যে চুক্তি অনুযায়ী নির্দিষ্ট সময় অন্তর ফ্র্যাঞ্চাইজি পরিচালনার দায়িত্ব বদল হয়। ২০২৬ সালে জিএমআর গোষ্ঠীর মেয়াদ শেষ হওয়ার পর ফের পরিচালনার দায়িত্ব নিয়েছে জেএসডব্লিউ। নতুন ব্যবস্থাপনায় সৌরভকে প্রধান কোচ করার পাশাপাশি প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থকে দলে ফেরানোর কথাও সামনে এসেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে ট্রেডের মাধ্যমে কুলদীপ যাদবের পরিবর্তে পন্থকে ফিরিয়েছে দিল্লি।
সৌরভের নিয়োগে সন্তোষ প্রকাশ করেছেন দিল্লি ক্যাপিটালসের চেয়ারম্যান তথা জেএসডব্লিউ স্পোর্টসের প্রতিষ্ঠাতা পার্থ জিন্দাল। তাঁর বক্তব্য, সৌরভ দীর্ঘদিন ধরেই দিল্লি ক্যাপিটালস পরিবারের গুরুত্বপূর্ণ সদস্য। ভারতের অন্যতম সফল অধিনায়ক ও অভিজ্ঞ ক্রিকেট প্রশাসক হিসেবে তাঁর নেতৃত্ব আগামী দিনে দলকে আরও শক্তিশালী করে তুলবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
একদিকে বাকিংহাম প্যালেসের সামনে ব্রিটিশ রাজপুত্রের সঙ্গে ক্রিকেট, অন্যদিকে আইপিএলে প্রধান কোচের নতুন দায়িত্ব—সব মিলিয়ে ফের আলোচনার কেন্দ্রে বাংলার মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার তাঁর সামনে বড় চ্যালেঞ্জ, দিল্লি ক্যাপিটালসকে প্রথম আইপিএল খেতাব এনে দেওয়া।
No Comment! Be the first one.