সকাল সকাল ডেস্ক
তেহরান/ওয়াশিংটন/সানা/মাসকাট : হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। তবে ইরান স্পষ্ট জানিয়েছে, আমেরিকার নৌ-অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে না। তেহরানের এই অবস্থানের ফলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ পুনরায় চালু হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একই সঙ্গে পশ্চিম এশিয়ায় ফের সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কাও জোরদার হয়েছে।
এই পরিস্থিতির মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান ও ওমানের মধ্যে চলা আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং হরমুজ প্রণালী নিয়ে খুব শীঘ্রই একটি গুরুত্বপূর্ণ সমঝোতার ঘোষণা হতে পারে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন, সিবিএস নিউজ ও আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইরানের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজগুলির জন্য একটি নির্দিষ্ট নৌপথ নির্ধারণে ইরান ও ওমান ইতিমধ্যেই একমত হয়েছে। পাশাপাশি এই জলপথের যৌথ পরিচালনার ব্যবস্থাও চূড়ান্ত করার কাজ চলছে।
ইরানের সরকারি সূত্রের দাবি, হরমুজ প্রণালী পুনরায় চালু হওয়ার বিষয়টি এখন মূলত আমেরিকার সিদ্ধান্তের উপর নির্ভর করছে। আমেরিকা যদি ইরানের বন্দরগুলির উপর আরোপিত নৌ-অবরোধ প্রত্যাহার করে, তাহলে প্রণালী খুলে দেওয়া হবে। ইরানের বিদেশ মন্ত্রকের বক্তব্য, “হরমুজ প্রণালীকে অরক্ষিত করে তুলেছে যে কারণগুলি, তার মধ্যে আমেরিকার নৌ-অবরোধই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই পরিস্থিতি এখনও বদলায়নি।”
অন্যদিকে, লাস ভেগাসের রেড রক ক্যাসিনো রিসর্টে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, হরমুজ প্রণালী পুনরায় চালু করার বিষয়ে আলোচনা ইতিবাচক পর্যায়ে রয়েছে এবং বুধবার অথবা বৃহস্পতিবারের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হতে পারে। তিনি আরও দাবি করেন, ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের ক্ষেত্রে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় আক্রমণের জন্য প্রস্তুত ছিল, তবে শেষ পর্যন্ত তিনি সেই অভিযান স্থগিত করেন।
এদিকে, হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনাও সামনে এসেছে। যুক্তরাজ্যের ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনস এক্স-এ জানিয়েছে, ওমানের কুমজার উপকূল থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে একটি তেলবাহী ট্যাঙ্কারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। তবে জাহাজের সমস্ত নাবিক নিরাপদ রয়েছেন।
এদিকে, ইয়েমেনে সক্রিয় ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী সৌদি আরবের একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার দায় স্বীকার করেছে। হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, বুধবার বাব-আল-মান্দেব প্রণালীর দক্ষিণে আদেন উপসাগরে সৌদি তেলবাহী ট্যাঙ্কার ডেইজি-কে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হুথিদের হুঁশিয়ারি, বাব-আল-মান্দেব প্রণালী দিয়ে যাতায়াতকারী সৌদি আরবের প্রতিটি তেলবাহী জাহাজই তাদের লক্ষ্যবস্তু হবে।
No Comment! Be the first one.