সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : সীমান্ত পরিকাঠামোর উন্নয়নের পাশাপাশি পর্যটন ও আধুনিক কৃষিকে কেন্দ্র করে লাদাখে নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার লাদাখে ৩,৩৫০ কোটি টাকার মেগা উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে তিনি বলেন, কেন্দ্র সরকারের একাধিক উদ্যোগের ফলে এই অঞ্চলে পর্যটনের সুযোগ যেমন বেড়েছে, তেমনই গ্রিনহাউস চাষ পাহাড়ি কৃষকদের আয় বৃদ্ধির নতুন পথ খুলে দিয়েছে।
প্রধানমন্ত্রী জানান, লাদাখে এখন শুধু গ্রীষ্মকালীন পর্যটন নয়, শীতকালীন পর্যটন এবং দুঃসাহসিক পর্যটনকেও বিশেষভাবে উৎসাহিত করা হচ্ছে। কেন্দ্রের ‘ভাইব্র্যান্ট ভিলেজ’ প্রকল্পের আওতায় লাদাখের প্রত্যন্ত অঞ্চলের ৪০টিরও বেশি সীমান্ত গ্রামকে উন্নত করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় অর্থনীতি ও কর্মসংস্থান বৃদ্ধিতে হোমস্টের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, আগে লাদাখে প্রায় ১৫০টি হোমস্টে থাকলেও বর্তমানে সেই সংখ্যা বেড়ে প্রায় ৩,০০০ হয়েছে। এর ফলে স্থানীয় পরিবারের সদস্যরা সরাসরি পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে স্বনির্ভর হওয়ার সুযোগ পাচ্ছেন।
কৃষিক্ষেত্রে লাদাখের পরিবর্তনের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সবজি ও অন্যান্য ফসলের উৎপাদন বাড়াতে গ্রিনহাউস চাষের প্রসারে ধারাবাহিকভাবে উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে লাদাখে প্রায় ১১,০০০ গ্রিনহাউস গড়ে উঠেছে। এর ফলে স্থানীয় কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনাও তৈরি হয়েছে।
এর পাশাপাশি বিচারব্যবস্থা ও নাগরিক পরিষেবার উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে নরেন্দ্র মোদী জানান, লাদাখের মানুষের দীর্ঘদিনের সুবিধার কথা বিবেচনা করে চলতি বছরের অগাস্টেই সেখানে পৃথক হাইকোর্ট বেঞ্চের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন, পর্যটন, কৃষি, সীমান্ত পরিকাঠামো এবং নাগরিক পরিষেবার উন্নয়নে এই উদ্যোগগুলি লাদাখের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের পাশাপাশি স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং স্বনির্ভরতার পথ প্রশস্ত করবে।
No Comment! Be the first one.