সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি : ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া এবং রাজধানীতে গত ১০ অক্টোবরের গণবিক্ষোভ ঘিরে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ নির্বাচন কমিশন, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী এবং দিল্লি সরকারের কাছে জবাব চেয়ে নোটিস জারি করেছে।
লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং বিরোধী ‘ইন্ডি’ জোটের দলগুলির দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনের কাছে জবাব চেয়েছে আদালত। বিরোধীদের অভিযোগ, কমিশনের ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ প্রক্রিয়ার মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি, দিল্লির ঐতিহাসিক প্রতিবাদস্থল যন্তর মন্তরকে বিক্ষোভের স্থান হিসেবে অনুমোদিত তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের হওয়া পৃথক মামলায় দিল্লি সরকারের বক্তব্যও জানতে চেয়েছে শীর্ষ আদালত।
এ দিন রাজধানীতে ১০ অক্টোবরের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে দায়ের হওয়া একাধিক মামলার শুনানি শুরু করে প্রধান বিচারপতির বেঞ্চ। শুনানিতে শান্তিপূর্ণ আন্দোলনকারী, আইনজীবী ও সাংবাদিকদের হেনস্থা এবং বেআইনিভাবে আটক করার অভিযোগ ওঠে। বিক্ষোভ চলাকালীন মহিলা সাংবাদিকদের উপর পুলিশের লাঞ্ছনা ও টানাহেঁচড়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিককে সশরীরে হাজির হয়ে পরিস্থিতি ব্যাখ্যা করার নির্দেশ দেয় আদালত।
অন্যদিকে, আন্দোলনকারীদের পক্ষের আইনজীবীরা অভিযোগ করেন, কয়েকজন দুষ্কৃতী শিশুদের উপর হামলা চালালেও গ্রেফতারের মাত্র এক দিনের মধ্যেই তারা জামিন পেয়ে যায়। এমনকি, তাদের মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় বলেও অভিযোগ তোলা হয়।
এর আগে, গত ৮ অক্টোবরের আদালতের নির্দেশ অমান্য করে মেট্রো, রেল ও নাগরিক পরিষেবা ব্যাহত করার অভিযোগে দায়ের হওয়া আদালত অবমাননার মামলায় কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, নিয়ম মেনেই প্রশাসনের পক্ষ থেকে আদালতে ক্ষমা চাওয়া হয়েছে। সংবাদমাধ্যমের প্রতিবেদনের একাংশের বিরোধিতা করে তিনি বলেন, এটি নিছক প্রক্রিয়ার অংশ।
জবাবে সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, এই মুহূর্তে তারা কোনও নিঃশর্ত ক্ষমা বিবেচনা করছে না। একই সঙ্গে আদালত জানায়, দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের (ডিএমআরসি) জমা দেওয়া বক্তব্য ছাড়া অন্য কোনও কর্তৃপক্ষের লিখিত জবাব এখনও বিস্তারিতভাবে পড়ে দেখার সময় পায়নি বেঞ্চ।
No Comment! Be the first one.