ট্রাম্পের নতুন শুল্ক নিয়ে আমেরিকাতেই আইনি লড়াই, আদালতের দ্বারস্থ ২৫ অঙ্গরাজ্য

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন: ভারত-সহ ৬০টি বাণিজ্য অংশীদার দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত নতুন আমদানি শুল্ককে ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে নতুন আইনি লড়াই। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে নিউইয়র্ক-সহ ২৫টি ডেমোক্র্যাট-শাসিত অঙ্গরাজ্য ইউএস কোর্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড-এ মামলা দায়ের করেছে। মামলাকারীদের অভিযোগ, প্রেসিডেন্ট নিজের ক্ষমতার সীমা অতিক্রম করে এমন শুল্ক আরোপ করেছেন এবং পূর্বে আদালতে বাতিল হওয়া নীতিই নতুন আইনি ভিত্তি দেখিয়ে পুনরায় কার্যকর করার চেষ্টা করছেন।

মামলায় বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ‘জোরপূর্বক শ্রম’ (Forced Labour) রোধের যুক্তি দেখিয়ে ট্রেড অ্যাক্ট, ১৯৭৪-এর ৩০১ ধারা ব্যবহার করে নতুন শুল্ক কার্যকর করেছে। তবে রাজ্যগুলির দাবি, এই যুক্তি আসলে পূর্বে আদালতে বাতিল হওয়া বিস্তৃত শুল্কনীতিকে নতুনভাবে ফিরিয়ে আনার একটি অজুহাত মাত্র।

ওরেগনের অ্যাটর্নি জেনারেল ড্যান রেফিল্ড অভিযোগ করে বলেন, আদালতে বারবার পরাজিত হওয়ার পরও ট্রাম্প প্রশাসন সাধারণ পরিবার, ক্ষুদ্র ব্যবসা এবং আমদানিনির্ভর শিল্পের উপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি করছে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলও এই নীতিকে আইনের অপব্যবহার বলে দাবি করেছেন।

গত ২৩ জুলাই ট্রাম্প প্রশাসন ভারত-সহ ৬০টি অর্থনীতির বিরুদ্ধে নতুন শুল্কের ঘোষণা দেয়। মার্কিন প্রশাসনের দাবি, যেসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের আমদানি রোধে কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ, তাদের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ভারত প্রয়োজনীয় নীতিগত পরিবর্তন করায় প্রস্তাবিত ১২.৫ শতাংশের পরিবর্তে ১০ শতাংশ অতিরিক্ত শুল্কের আওতায় এসেছে। তেল, প্রাকৃতিক গ্যাস, সার এবং কয়েকটি নির্দিষ্ট পণ্যকে এই শুল্কের বাইরে রাখা হয়েছে।

এর আগে ট্রাম্প প্রশাসনের বিস্তৃত শুল্কনীতি মার্কিন আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এবার ৩০১ ধারার অধীনে নতুন শুল্ক আরোপ করা হলেও, বিরোধীদের দাবি, এত ব্যাপক পরিসরে এই আইনের ব্যবহার নজিরবিহীন এবং তা প্রেসিডেন্টের ক্ষমতার সীমা ছাড়িয়ে গেছে। মামলায় শুল্ক বাতিলের পাশাপাশি ইতিমধ্যে আদায় করা অতিরিক্ত শুল্ক ফেরতেরও দাবি জানানো হয়েছে।

এখন এই মামলার রায়ের দিকেই নজর আন্তর্জাতিক বাণিজ্য মহলের। আদালতের সিদ্ধান্তের উপরই নির্ভর করবে ভারত-সহ একাধিক দেশের রপ্তানি এবং যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কতটা কার্যকর থাকবে।

Read More News

কমনওয়েলথ গেমসের পতাকা ও মশাল আনুষ্ঠানিকভাবে ভারতের হাতে, ২০৩০-এ আহমেদাবাদে শতবর্ষের আসর

সকাল সকাল ডেস্ক গ্লাসগো : গ্লাসগো কমনওয়েলথ গেমসের বর্ণাঢ্য সমাপ্তি অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে ভারতের...

পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক, নাগরিক নিরাপত্তা ও জ্বালানি সরবরাহে জোর প্রধানমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক, নয়াদিল্লি : পশ্চিম এশিয়ায় চলমান সংঘাতের প্রভাব পর্যালোচনায় বৃহস্পতিবার...

Read More