সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন (আমেরিকা) : হোয়াইট হাউস কার্স্টেন এ. ডেভিসকে আমেরিকার নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে নিযুক্ত করেছে। তিনি শন কার্নক্রসের স্থলাভিষিক্ত হয়েছেন। সম্প্রতি আমেরিকার বিমান চলাচল, ব্যাঙ্কিং এবং জাতীয় নিরাপত্তা ব্যবস্থায় ব্যাপক প্রযুক্তিগত বিপর্যয়ের জেরে প্রশাসনকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়। এরপরই প্রাক্তন সাইবার প্রধান শন কার্নক্রসকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এই পদে স্থায়ী নিয়োগের জন্য মার্কিন সেনেটের অনুমোদন প্রয়োজন। সেই কারণে আপাতত ডেভিস ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে অফিস অব দ্য ন্যাশনাল সাইবার ডিরেক্টর (ওএনসিডি)-এর দায়িত্ব সামলাবেন। কার্স্টেন ডেভিস এর আগে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের প্রধান তথ্য আধিকারিক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বেসরকারি ক্ষেত্রেও সাইবার নিরাপত্তা সংক্রান্ত কাজে তাঁর প্রায় দুই দশকের অভিজ্ঞতা রয়েছে। ইউনিলিভার, এস্টি লডার, বার্কলেজ এবং সিমেন্সের মতো আন্তর্জাতিক সংস্থায় তিনি উচ্চপদস্থ আধিকারিক হিসেবে কাজ করেছেন।
সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত দলে রদবদল করছেন। সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই বৃহস্পতিবার হোয়াইট হাউস কার্স্টেন এ. ডেভিসকে নতুন জাতীয় সাইবার পরিচালক হিসেবে নিয়োগের ঘোষণা করে। সংশ্লিষ্ট ক্ষেত্রে তাঁর পূর্বসূরি শন কার্নক্রসের তুলনায় ডেভিসের অভিজ্ঞতা অনেক বেশি।
হোয়াইট হাউসের দুই আধিকারিক জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন চিফ অব স্টাফ স্টিফেন মিলার এই পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন। এরপরই কার্নক্রসকে তাঁর পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
অফিস অব দ্য ন্যাশনাল সাইবার ডিরেক্টর সমগ্র মার্কিন কেন্দ্রীয় সরকারের সাইবার নিরাপত্তা সংক্রান্ত নীতি ও কৌশলের মধ্যে সমন্বয় সাধনের কাজ করে। এই পদে স্থায়ী নিয়োগের ক্ষেত্রে সেনেটের অনুমোদন বাধ্যতামূলক। এর আগে প্রতিরক্ষা দফতরের প্রধান তথ্য আধিকারিক হিসেবে ডেভিসের নিয়োগে সেনেট অনুমোদন দিয়েছিল।
পেন্টাগনে দায়িত্ব পালনকালে ডেভিস প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের প্রধান উপদেষ্টা হিসেবেও কাজ করেছেন। তথ্য ব্যবস্থাপনা, তথ্যপ্রযুক্তি এবং সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্ত বিষয়ে তিনি প্রতিরক্ষা সচিবকে পরামর্শ দিতেন।
এ ছাড়াও ডেভিস ‘ইনস্টিটিউট ফর সাইবার’-এর প্রতিষ্ঠাতা। এটি একটি অলাভজনক সংস্থা, যা ডিজিটাল জগতে সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে।
No Comment! Be the first one.