হানিমুনে বারবিকিউয়ের আগুনে দগ্ধ নিকিতার মৃত্যু, দু’মাসের লড়াই শেষ

সকাল সকাল ডেস্ক

দার্জিলিং : হানিমুনে গিয়ে বারবিকিউয়ের আগুনে গুরুতর দগ্ধ হওয়া উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা নিকিতা সাহার মৃত্যু হল। প্রায় দু’মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালানোর পর বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানা গিয়েছে, গত ১৩ সেপ্টেম্বর স্বামী সৌভিক দাসের সঙ্গে দার্জিলিংয়ের কার্শিয়াং মহকুমার সিটংয়ে হানিমুনে গিয়েছিলেন নিকিতা। সেখানে একটি হোমস্টেতে রাতে বারবিকিউয়ের আয়োজন করা হয়। অভিযোগ, জ্বলন্ত আগুনে তেলভর্তি পাত্র ফেলায় আচমকা আগুন ছড়িয়ে পড়ে। সেই আগুনে নিকিতার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। প্রথমে তাঁকে শিলিগুড়ির একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরিত করা হয়।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কলকাতার এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে নিকিতার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছিল। তাঁকে সিসিইউ থেকে সাধারণ বিভাগে স্থানান্তরিত করা হয়। কিন্তু কয়েক দিন পর ফের অবস্থার অবনতি ঘটে। পরিবারের অভিযোগ, সেই সময় সিসিইউতে শয্যা না পাওয়ায় প্রয়োজনীয় চিকিৎসায় সমস্যা দেখা দেয়। চার দিন আগে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সৌভিকের ভাই ঋতম বসাক জানান, শেষের দিকে নিকিতার অবস্থা অত্যন্ত সঙ্কটজনক হয়ে পড়েছিল। শরীরে রক্ত গ্রহণের সমস্যা দেখা দেয়। মৃত কোষ অপসারণের জন্য অস্ত্রোপচারের পর গলার কাছে রক্তক্ষরণ শুরু হয়। চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ময়নাতদন্তের পর নিকিতার দেহ তাঁদের হাতে তুলে দেওয়া হবে। এদিকে, নিকিতার মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট হোমস্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে ফের প্রশ্ন উঠেছে। দুর্ঘটনার পর হোমস্টের মালিক ও কর্মী-সহ কয়েকজনকে গ্রেফতার করেছিল পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় হোমস্টে কর্তৃপক্ষের গাফিলতির অভিযোগ তুলেছেন নিকিতার স্বামী।

Read More News

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষিত মাওবাদী...

Read More

1 week ago

নিষিদ্ধ মাওবাদী সংগঠন সিপিআই (মাওবাদী)-র জোনাল কমান্ডার তথা ১০ লক্ষ...