সকাল সকাল ডেস্ক
নিউইয়র্ক, ১৮ নভেম্বর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্রের মামলায় পাকিস্তানি নাগরিক আসিফ মার্চেন্টকে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকার আদালত। মঙ্গলবার নিউইয়র্কের ব্রুকলিনের ফেডারেল আদালত তাঁকে ৩৩০ মাসের কারাদণ্ডের নির্দেশ দেয়। ইরানের ইসলামিক বিপ্লবী রক্ষীবাহিনীর সঙ্গে যোগাযোগ রেখে আমেরিকার মাটিতে রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের হত্যার পরিকল্পনার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।
মার্কিন তদন্তকারী সংস্থার তথ্য অনুযায়ী, ৪৮ বছর বয়সি আসিফ মার্চেন্ট পাকিস্তানের করাচির বাসিন্দা। ইরানের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ ছিল বলে দাবি তদন্তকারীদের। আমেরিকায় রাজনৈতিক ব্যক্তিত্বদের হত্যার জন্য ভাড়াটে খুনি নিয়োগের পরিকল্পনা করেছিলেন তিনি। মার্কিন বিচার বিভাগের দাবি, এই ষড়যন্ত্রের অন্যতম প্রধান লক্ষ্য ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
তদন্তকারীদের অনুমান, ২০২০ সালের জানুয়ারিতে ইরানের প্রভাবশালী সামরিক কমান্ডার কাসেম সোলেমানির হত্যার প্রতিশোধ নিতেই এই পরিকল্পনা করা হয়েছিল। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে ইরাকের বাগদাদে ড্রোন হামলায় নিহত হন সোলেমানি। সেই ঘটনার পর থেকেই ইরানের সামরিক নেতৃত্ব প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছিল।
আদালতে শুনানির সময় আসিফ মার্চেন্ট দাবি করেন, ইরানের বিপ্লবী রক্ষীবাহিনীর চাপের মুখে পড়েই তিনি এই পরিকল্পনায় যুক্ত হয়েছিলেন। তেহরানে বসবাসকারী পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণেই তাঁকে এই কাজে বাধ্য করা হয়েছিল বলে তাঁর বক্তব্য। আসিফ আরও জানান, তাঁকে কোনও নির্দিষ্ট ব্যক্তিকে হত্যার নির্দেশ দেওয়া হয়নি। তবে ইরানের এক যোগাযোগকারী ট্রাম্প, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাষ্ট্রসংঘে আমেরিকার প্রাক্তন রাষ্ট্রদূত নিকি হ্যালির নাম উল্লেখ করেছিলেন।
অন্যদিকে, মার্কিন অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ অভিযুক্তের বক্তব্য খারিজ করে জানান, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্য নিয়েই আসিফ আমেরিকায় প্রবেশ করেছিলেন। বিদেশি শক্তির মদতে মার্কিন রাজনৈতিক নেতৃত্বের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্র কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে তিনি সতর্ক করেন।
মার্কিন তদন্তকারী সংস্থা এফবিআইয়ের তৎপরতায় এই ষড়যন্ত্রের পর্দাফাঁস হয়। তদন্ত অনুযায়ী, আসিফ প্রথমে এক পরিচিত ব্যক্তির সাহায্য চেয়েছিলেন। ওই ব্যক্তি বিষয়টি এফবিআইকে জানিয়ে তদন্তে সহযোগিতা করেন। পরে আসিফ যাঁদের ভাড়াটে খুনি মনে করে যোগাযোগ করেছিলেন, তাঁরা আসলে ছিলেন এফবিআইয়ের ছদ্মবেশী আধিকারিক। তাঁদের সঙ্গে একাধিক বৈঠকে হত্যার পরিকল্পনা নিয়ে আলোচনা করেন আসিফ। এমনকি অগ্রিম পাঁচ হাজার ডলার দেওয়ার প্রমাণও আদালতে পেশ করা হয়।
২০২৪ সালের ১২ জুলাই আমেরিকা ছাড়ার প্রস্তুতির সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের মার্চ মাসে ফেডারেল বিচারকমণ্ডলী তাঁকে হত্যার ষড়যন্ত্র এবং ভাড়াটে খুনি নিয়োগের অভিযোগে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার সেই মামলাতেই চূড়ান্ত সাজা ঘোষণা করা হয়।
এই রায়ের মাধ্যমে বিদেশি শক্তির মদতে মার্কিন নেতৃত্বের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের ঘটনায় কঠোর অবস্থানের বার্তা দিয়েছে আমেরিকার বিচার বিভাগ।
No Comment! Be the first one.