৩০০ কোটি টাকার অত্যাধুনিক গবেষণাগার তৈরির ঘোষণা, বিদেশে দেশের বদনামকারীদের কড়া জবাব কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর
সকাল সকাল ডেস্ক
ভোপাল, ২০ নভেম্বর: আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে এক ঐতিহাসিক পদক্ষেপ গ্রহণ করে শুক্রবার ভোপালে বার্ড ফ্লু (এইচ৫এন১) প্রতিরোধে দেশের প্রথম দেশীয় মুরগির টিকা জাতির উদ্দেশে উৎসর্গ করলেন কেন্দ্রীয় কৃষি ও কৃষককল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান। একই সঙ্গে ভোপালে ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন অত্যাধুনিক গবেষণাগার স্থাপনের ঘোষণাও করেন তিনি।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী জানান, মাত্র ১ থেকে ২ টাকা মূল্যের এই সাশ্রয়ী টিকা বার্ড ফ্লুর এই বিশেষ প্রজাতির ভাইরাস প্রতিরোধে বিশ্বের প্রথম টিকা। এর ফলে দেশের লক্ষ লক্ষ পোলট্রি খামারির জীবিকা সুরক্ষিত হবে। পাশাপাশি পশুপালন ক্ষেত্রে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার আর্থিক ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিরোধী নেতাদের একাংশের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান শিবরাজ সিং চৌহান। বিদেশে গিয়ে দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান ও বিজ্ঞানীদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার অভিযোগে সরব হন তিনি। রাহুল গান্ধীর নাম না করে তাঁর সমালোচনা করে বলেন, যাঁরা বিদেশে গিয়ে নিজেদের দেশের বদনাম করেন, তাঁদের আজকের পরিবর্তিত, আত্মনির্ভর ও উন্নত ভারতকে দেখা উচিত।
তিনি বলেন, যাঁরা সাংবিধানিক পদে থেকে বিদেশের মাটিতে ভারতের সংবিধান নিয়ে মন্তব্য করেন, দেশের সাংবিধানিক প্রতিষ্ঠান, সেনাবাহিনী, বিজ্ঞানী এবং সাধারণ মানুষের পরিশ্রম নিয়ে প্রশ্ন তোলেন, তাঁদের ভারতের বর্তমান অগ্রগতি উপলব্ধি করা প্রয়োজন।

কেন্দ্রীয় মন্ত্রী স্মরণ করিয়ে দেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গঠিত বিশেষ কর্মদলের মাধ্যমে ভারতীয় বিজ্ঞানীরা মাত্র নয় মাসে করোনার দুটি দেশীয় টিকা তৈরি করে বিশ্বকে চমকে দিয়েছিলেন। এবার বার্ড ফ্লুর প্রথম দেশীয় টিকা তৈরি করে ভারত আবারও নিজের বৈজ্ঞানিক সক্ষমতার পরিচয় দিয়েছে।
ভোপালে ৩০০ কোটি টাকার নতুন গবেষণাগার
ভোপালে অবস্থিত ভারতীয় কৃষি গবেষণা পরিষদের (আইসিএআর) অধীনস্থ জাতীয় উচ্চ নিরাপত্তা পশুরোগ প্রতিষ্ঠান (এনআইএইচএসএডি)-এর সাফল্যের প্রশংসা করে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন অত্যাধুনিক গবেষণাগার নির্মাণের ঘোষণা করেন।
তিনি বলেন, ভোপালের এই প্রতিষ্ঠান আজ ভারতের গৌরবের প্রতীক হয়ে উঠেছে। প্রথমে দিল্লি থেকে এই টিকার উদ্বোধনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু যে বিজ্ঞানীরা ভোপালে দিনরাত পরিশ্রম করে টিকাটি তৈরি করেছেন, তাঁদের উপস্থিতিতেই এবং ভোপালের মানুষের সামনে এটি জাতির উদ্দেশে উৎসর্গ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
পশুপালন ক্ষেত্রে ৫৬ হাজার কোটি টাকার ক্ষতি রোধের লক্ষ্য
গ্রামীণ অর্থনীতির অন্যতম ভিত্তি হিসেবে পশুপালন ও পোলট্রি শিল্পের গুরুত্ব তুলে ধরেন শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, কৃষকদের কাছে গবাদিপশু কার্যত ‘চলমান এটিএম’। কৃষিকাজের পাশাপাশি পশুপালন থেকে প্রতি মাসে নিয়মিত আয়ের সুযোগ তৈরি হয়।
তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের মোট অভ্যন্তরীণ উৎপাদনে পশুপালন ক্ষেত্রের অবদান ১৪ শতাংশ এবং পোলট্রি শিল্পের অবদান এক শতাংশ।
তিনি জানান, খুরা ও মুখের রোগে বছরে গড়ে ২২ হাজার কোটি টাকা, লাম্পি ভাইরাসে ২০ হাজার কোটি টাকা, ব্রুসেলোসিসে ৯ হাজার ২১২ কোটি টাকা এবং ভেড়া ও ছাগলের পিপিআর রোগে ৪ হাজার ৬৮৩ কোটি টাকার ক্ষতি হয়। সব মিলিয়ে বিভিন্ন পশুরোগের কারণে দেশ ও কৃষকদের প্রায় ৫৬ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, দেশীয় টিকার ব্যবহার বাড়িয়ে এই বিপুল আর্থিক ক্ষতি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে।
মাত্র ১ থেকে ২ টাকায় মিলবে সুরক্ষা
শিবরাজ সিং চৌহান জানান, ভারতে প্রথম বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দিয়েছিল ২০০৬ সালে মহারাষ্ট্রের নওয়াপুরে। সেই সময় প্রায় ১০ লক্ষ মুরগির মৃত্যু হয়েছিল। সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে আরও লক্ষ লক্ষ মুরগি মেরে মাটিতে পুঁতে ফেলতে হয়েছিল।
এরপর ২০২১ সালে প্রায় ৯ লক্ষ এবং চলতি বছরেও প্রায় ২ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে বলে তিনি জানান। ২০০৬ সাল থেকে দেশে পাঁচশোর বেশি বার বার্ড ফ্লুর প্রাদুর্ভাব ঘটেছে।
এই রোগের কারণে পোলট্রি শিল্পে বিপুল ক্ষতির পাশাপাশি স্তন্যপায়ী প্রাণী ও মানুষের মধ্যেও সংক্রমণ ছড়ানোর আশঙ্কা থাকে।
নতুন দেশীয় টিকার প্রতিটি ডোজের মূল্য মাত্র ১ থেকে ২ টাকার মধ্যে রাখা হয়েছে। এর ফলে ক্ষুদ্র ও প্রান্তিক পোলট্রি খামারিরাও সহজে টিকা ব্যবহার করতে পারবেন বলে আশা প্রকাশ করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
মোদী সরকারের টিকাকরণ অভিযানে পশুরোগ নিয়ন্ত্রণ
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরা থেকে জাতীয় পশুরোগ নিয়ন্ত্রণ কর্মসূচির সূচনা করেছিলেন। এই কর্মসূচির আওতায় খুরা ও মুখের রোগ প্রতিরোধে এখনও পর্যন্ত ১৪৭ কোটি ১৬ লক্ষ বিনামূল্যের টিকার ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি ব্রুসেলোসিস নিয়ন্ত্রণেও উল্লেখযোগ্য সাফল্য এসেছে বলে দাবি করেন তিনি।
তিনি জানান, ২০২২ সালে লাম্পি চর্মরোগে দেশের ৩২ লক্ষ ৮০ হাজার গবাদিপশু আক্রান্ত হয়েছিল এবং ১ লক্ষ ৮৬ হাজার পশুর মৃত্যু হয়েছিল। সেই সময় হিসার ও ইজ্জতনগরের বিজ্ঞানীরা ‘লাম্পি প্রোভ্যাকইন্ড’ নামে দেশীয় টিকা তৈরি করেছিলেন।
ভোপালের এই গবেষণা প্রতিষ্ঠান এর আগেও গাম্বোরো, ব্রুসেলা অ্যাবর্টাস এস-১৯ ডেল্টা, ক্লাসিক্যাল সোয়াইন ফিভার এবং আফ্রিকান সোয়াইন ফিভারের বিরুদ্ধে দেশীয় টিকা উদ্ভাবন করে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
ছুটি ত্যাগ করে গবেষণা, বিজ্ঞানীদের প্রশংসায় কেন্দ্রীয় মন্ত্রী
বার্ড ফ্লুর টিকা তৈরির সঙ্গে যুক্ত বিজ্ঞানীদের প্রকৃত নায়ক বলে অভিহিত করেন শিবরাজ সিং চৌহান। তিনি ডাঃ এস নাগরাজন, ডাঃ মনোজ কুমার, ডাঃ সি তোশ, ডাঃ এইচ ভি মুরগকর, ডাঃ অনিকেত সান্যাল, ডাঃ সেন্থিল কুমার ডি, ডাঃ নবীন কুমার এবং ডাঃ যোগীশারাধ্যা আর-এর অবদানের বিশেষ প্রশংসা করেন।
কেন্দ্রীয় মন্ত্রী জানান, বিজ্ঞানীরা শনিবার ও রবিবারের ছুটি পর্যন্ত ত্যাগ করে মাসের পর মাস নিরলস গবেষণা চালিয়েছেন। গবেষণাগারের কঠোর জৈব-নিরাপত্তা বিধি মেনে তাঁদের কাজ করতে হয়েছে।
তাঁর বক্তব্য অনুযায়ী, গবেষণাগারে প্রবেশ ও সেখান থেকে বেরোনোর সময় কঠোর জীবাণুমুক্তকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো বিজ্ঞানীদের। প্রতিদিন প্রায় ১২০ লিটার জল ব্যবহার করে স্নান করতে হতো। এমনকি গবেষণা চলাকালীন বাড়িতে কোনও পোষ্য প্রাণী রাখারও অনুমতি ছিল না।
বিজ্ঞানীদের এই কঠোর পরিশ্রম ও সেনাদের মতো আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান কেন্দ্রীয় কৃষিমন্ত্রী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের ক্রীড়া ও যুবকল্যাণমন্ত্রী বিশ্বাস সারং, সাংসদ অলোক শর্মা, বিধায়ক আশিস শর্মা, ভোপালের মেয়র মালতী রায়, আইসিএআরের মহানির্দেশক ডাঃ এম এল জাট, প্রতিষ্ঠানের অধিকর্তা ডাঃ অনিকেত সান্যাল-সহ বহু বিজ্ঞানী, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা।
No Comment! Be the first one.