জাপানকে উড়িয়ে সেমিফাইনালে ভারত

সকাল সকাল ডেস্ক

এশিয়ান গেমসে খেতাব ধরে রাখার অভিযানে দুরন্ত ছন্দে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কোয়ার্টার ফাইনালে আয়োজক জাপানকে কার্যত একতরফা ম্যাচে ৮ উইকেটে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল ভারত। শুক্রবার কোরোগি স্পোর্টস পার্কে বল হাতে শ্রী চরণির ঘূর্ণি এবং ব্যাটে শেফালি বর্মার বিধ্বংসী ইনিংসে মাত্র ৫ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় হরমনপ্রীত কৌরের দল। আগামী ২০ সেপ্টেম্বর সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে জাপান। শুরুটা অবশ্য খারাপ করেনি আয়োজকরা। মাই ইয়ানাগিদা ও হারুনা ইওয়াসাকি সতর্ক ব্যাটিংয়ে পাওয়ার প্লে-র ছয় ওভারে কোনও উইকেট না হারিয়ে ২৪ রান যোগ করেন। কিন্তু এরপরই ম্যাচের ছবিটা পুরোপুরি বদলে দেন শ্রী চরণি।

বাঁ-হাতি স্পিনে জাপানের ব্যাটিং লাইনআপে ধস নামান চরণি। প্রথম ওভারে ৯ রান খরচ করলেও পরের তিন ওভারে মাত্র এক রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। তাঁর স্পিনের সামনে একের পর এক উইকেট হারিয়ে চাপে পড়ে জাপান। আয়ুকা কাটো-স্টাফোর্ড ৪৭ বলে ২৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে শেফালি বর্মার বলে তিনি ফিরতেই জাপানের লড়াই কার্যত শেষ হয়ে যায়।

চরণি ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে ৪টি উইকেট নেন। শেফালিও বল হাতে সফল। ৪ ওভারে ১৩ রান দিয়ে তাঁর সংগ্রহ ২ উইকেট। চোট কাটিয়ে ফেরা শ্রেয়াঙ্কা পাটিল ৩ ওভারে দেন মাত্র ৭ রান। ভারতীয় বোলারদের দাপটে ১৯.৫ ওভারে মাত্র ৫৭ রানে অলআউট হয়ে যায় জাপান।

৫৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন শেফালি। প্রথম ওভারেই অহল্যা চান্ডেলকে চারটি বাউন্ডারি মেরে ভারতের স্কোরবোর্ডে যোগ করেন ১৭ রান। যদিও দ্বিতীয় ওভারে খাতা না খুলেই ফেরেন গুনালান কমলিনী। তিন নম্বরে নামা ভারতী ফুলমালিও ৭ বলে ৬ রান করে আউট হন।

দ্রুত দুই উইকেট হারালেও ভারতের রান তোলার গতি থামেনি। এক প্রান্তে জাপানি বোলারদের ওপর আক্রমণ চালিয়ে যান শেফালি। তাঁকে সঙ্গ দেন রিচা ঘোষ। মাত্র ৫ বলে ১৩ রান করে অপরাজিত থাকেন রিচা। শেফালি অপরাজিত থাকেন মাত্র ১৫ বলে ৪০ রানে। তাঁর ঝোড়ো ইনিংসে ছিল চারটি চার ও দুটি ছক্কা। ছক্কা হাঁকিয়েই ভারতের জয় নিশ্চিত করেন তিনি।

মাত্র ৫ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৮ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে ভারত। এই জয়ের ফলে এশিয়ান গেমসের সেমিফাইনালে জায়গা নিশ্চিত করল গতবারের চ্যাম্পিয়নরা। এবার সামনে বাংলাদেশ। ২০ সেপ্টেম্বর সেই ম্যাচ জিতলেই ফের সোনার পদকের লড়াইয়ে ফাইনালে নামার সুযোগ পাবে ভারত।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

ভারত এখন আত্মবিশ্বাসী ও সক্ষম রাষ্ট্র, বিশ্বমঞ্চে নিয়ম নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক লখনউ : ভারত আজ শুধু বিশ্বের অন্যতম দ্রুত বিকাশমান অর্থনীতি নয়, বরং নিজস্ব সভ্যতা,...

Read More