রাজস্থানের কোটায় বাস উল্টে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৮, আহত একাধিক

সকাল সকাল ডেস্ক

কোটা : রাজস্থানের কোটায় দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল অন্তত ৮ জন যাত্রীর। নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় ৬ জনেরও বেশি যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রথমে স্থানীয় থানার তরফে চার জনের মৃত্যুর খবর জানানো হলেও পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ায় আটে। দুর্ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল যে বাসটি উল্টে দুমড়ে-মুচড়ে যায়। বাসের ভিতরে আটকে পড়েন একাধিক যাত্রী।

শনিবার সকালে কোটার জেলাশাসক পীযূষ সামারিয়া দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। তিনি জানান, এখনও পর্যন্ত আট জনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আহতদের মধ্যে যাঁদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক, তাঁদের দ্রুত নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়েছে। পাশাপাশি, তাঁদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে।

ঘটনাস্থলে উপস্থিত থানার আধিকারিক নন্দ সিং জানান, দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের উপর আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। খবর পেয়েই পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাসের ভিতরে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করে।

কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা খতিয়ে দেখছে পুলিশ। চালকের অসতর্কতা, যান্ত্রিক ত্রুটি নাকি অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More