সকাল সকাল ডেস্ক
ভারুচ : গুজরাটের ভারুচ জেলার ভাগ্রা তালুকের সায়খা জিআইডিসি শিল্পাঞ্চলে একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় ভয়াবহ বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। শুক্রবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভাগ্রা তালুকের মামলতদার ভাইরাল ভাসাওয়া টেলিফোনে পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত আনুমানিক ১০টা নাগাদ কারখানার একটি চুল্লি বা রিঅ্যাক্টরে প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় রিঅ্যাক্টরের একটি অংশ ভেঙে ছিটকে রাস্তার পাশে গিয়ে পড়ে। পাশাপাশি, সংলগ্ন অফিস, পরীক্ষাগার এবং বয়লার ইউনিটের সিমেন্টের ছাদ ভেঙে পড়ে। এর ফলে কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। বিস্ফোরণের পর গোটা এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়।
ঘটনার বিবরণ দিতে গিয়ে উল্টোদিকের একটি ভবনে কর্মরত প্রত্যক্ষদর্শী কর্মী প্রতাপ সিংহ জানান, রাত ১০টা নাগাদ বিকট শব্দে রিঅ্যাক্টরটি ফেটে যায়। মুহূর্তের মধ্যে চারপাশ ধোঁয়ায় ঢেকে যাওয়ায় কিছুই দেখা যাচ্ছিল না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও অ্যাম্বুল্যান্স। শুরু হয় উদ্ধারকাজ। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
কী কারণে এই বিস্ফোরণ ঘটল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ও কারখানা পরিদর্শক দল। কারখানায় প্রয়োজনীয় নিরাপত্তাবিধি যথাযথভাবে মানা হচ্ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।
No Comment! Be the first one.