বিমানে মারধরের অভিযোগে গ্রেফতার হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ার

সকাল সকাল ডেস্ক

নিউইয়র্ক: বিমানের মধ্যে দুই বিমানসেবিকাকে মারধরের অভিযোগে গ্রেফতার করা হয়েছে হলিউড অভিনেত্রী সেলমা ব্লেয়ারকে। লস অ্যাঞ্জেলেস থেকে নিউইয়র্কে আসা ডেল্টা এয়ারলাইন্সের একটি বিমান জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পরই তাঁকে আটক করে পুলিশ। শুধু বিমানসেবিকাদের উপর হামলাই নয়, হাসপাতালে নিয়ে যাওয়ার সময় এক মহিলা পুলিশ আধিকারিক এবং হাসপাতালে এক নার্সকেও মারধরের অভিযোগ উঠেছে অভিনেত্রীর বিরুদ্ধে।

সিএনবিসির প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক ও নিউ জার্সির পোর্ট অথরিটির তরফে জানানো হয়েছে, রবিবার রাত প্রায় ১১টা নাগাদ অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। ব্লেয়ারের পাশাপাশি আহত দুই বিমানসেবিকার মধ্যে একজনকে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, হামলার সময় বিমানসেবিকাদের কামড়েও দেন অভিনেত্রী।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ব্লেয়ারকে জামাইকা হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি এক মহিলা পুলিশ আধিকারিকের উপর হামলা চালান। হাসপাতালের এক নার্সও তাঁর বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন।

সোমবার গভীর সন্ধ্যায় কুইন্সের একটি আদালতে ব্লেয়ারের বিরুদ্ধে হামলার দুটি অভিযোগ আনা হয়। বিচারক তাঁকে ২০ হাজার মার্কিন ডলার নগদ অথবা ৬০ হাজার মার্কিন ডলারের বন্ডের বিনিময়ে জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী শুনানি আগামী ১৯ জানুয়ারি। তবে এই ঘটনা সম্পর্কে ডেল্টা এয়ারলাইন্স কিংবা মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই বিস্তারিত কোনও তথ্য প্রকাশ করেনি।

৫৪ বছর বয়সি সেলমা ব্লেয়ার হলিউডের পরিচিত মুখ। ‘ক্রুয়েল ইনটেনশনস’, ‘লিগ্যালি ব্লন্ড’ এবং ‘হেলবয়’-এর মতো জনপ্রিয় চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

আদালত থেকে জামিন পাওয়ার পর অভিনেত্রীর আইনজীবীরাও সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি। সূত্রের খবর, ঘটনার সময় ব্লেয়ারের সঙ্গে একটি পোষ্য কুকুর ছিল। হাসপাতালে অভিনেত্রীর সঙ্গে দেখা করার পর তাঁর আইনজীবীরা কুকুরটিকে নিজেদের সঙ্গে নিয়ে যান।

ব্লেয়ারের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানযাত্রার সময় অভিনেত্রী মানসিক সমস্যার সম্মুখীন হয়েছিলেন। সেই পরিস্থিতিতেই এই অনভিপ্রেত ঘটনা ঘটেছে বলে দাবি তাঁর। উল্লেখ্য, ২০১৮ সালে ব্লেয়ার নিজেই জানিয়েছিলেন, তিনি মাল্টিপল স্ক্লেরোসিসে আক্রান্ত।

তবে বিমানে ব্লেয়ারকে ঘিরে বিতর্কের ঘটনা এই প্রথম নয়। ২০১৬ সালে মেক্সিকোর কানকুন থেকে লস অ্যাঞ্জেলেসগামী একটি বিমানেও তাঁর আচরণ নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। সেই সময় জানা যায়, মদ্যপান ও ওষুধ সেবনের পর তিনি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। পরে নিজের আচরণের জন্য ক্ষমাও চেয়েছিলেন অভিনেত্রী।

Read More News

ইন্ডি জোটের বৈঠকে অখিলেশের অনুপস্থিতির কারণ জানালেন বেণুগোপাল, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি কংগ্রেসের

সকাল সকাল ডেস্ক নয়াদিল্লি : রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ইন্ডি জোটের গুরুত্বপূর্ণ বৈঠকে সমাজবাদী...

Read More