সকাল সকাল ডেস্ক।
কলকাতা: আমতলায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয় ভাঙায় স্থগিতাদেশ দিল হাইকোর্ট। আদালত সূত্রে খবর, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন করে কোনও পদক্ষেপ করা যাবে না বলে জানানো হয়েছে। শনিবারের পরে রবিবারও অভিষেকের আমতলার দফতর ভাঙতে নিয়ে আসা হয় একাধিক যন্ত্রপাতি। তার আগে শনিবার রাতভর কার্যালয় থেকে বের করা হয়েছে জিনিসপত্র। অভিযোগ, বেআইনিভাবে নির্মাণ করা হয়েছিল ওই কার্যালয়।
এদিকে, আমতলায় অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করে লিপস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড। সূত্রের খবর, আমতলার ওই কার্যালয়ের মালিক ওই সংস্থা। রবিবার জরুরি ভিত্তিতে শুনানির আর্জি জানানো হয় হাই কোর্টে। বিচারপতি রাজা বসু চৌধুরীর এজলাসে শুনানি হয়। রবিবার আদালতে সংস্থার আইনজীবী দাবি করেন, আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ের একাংশ ভাঙার আগে লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার ডিরেক্টরকে নোটিস পাঠানো হয়েছিল। কারণ, ওই সংস্থার নামে ভবনের জমি কেনা হয়েছিল| কিন্তু ভবনের মালিককে শুনানির জন্য কোনও নোটিসই দেওয়া হয়নি। আদালত জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন যে অবস্থায় ভবনটি রয়েছে, তা-ই বহাল থাকবে। নতুন করে কোনও পদক্ষেপ করা যাবে না|
প্রাথমিকভাবে বেলা বারোটায় শুনানি শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তা শুরু করা সম্ভব হয়নি। কারণ, আদালতে তখন রাজ্যের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে রাজ্যের পক্ষের আইনজীবী ভার্চুয়াল মাধ্যমে শুনানিতে যোগ দেন। তিনি মামলার নথি খতিয়ে দেখার জন্য আরও সময় প্রার্থনা করেন। বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যের বক্তব্য না শুনে এই মামলার শুনানি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণেই নির্ধারিত সময়ে শুনানি শুরু করা যায়নি।
এদিকে আদালতে শুনানির প্রক্রিয়া চলার মধ্যেই আমতলায় ফের সক্রিয় হয়ে ওঠে প্রশাসন। রবিবার আবারও সেখানে বুলডোজার নিয়ে যাওয়া হয়। এলাকায় মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশকর্মী। পাশাপাশি দমকল বাহিনীকেও রাখা হয় সতর্ক অবস্থায়। ফলে গোটা এলাকাজুড়ে কড়া নিরাপত্তার বলয় তৈরি হয়।
No Comment! Be the first one.