সকাল সকাল ডেস্ক
ড. ময়ঙ্ক চতুর্বেদী
ভারতের কৃষিক্ষেত্রে এবার যে ইতিহাস রচিত হয়েছে, তা দেশের কৃষকদের পরিশ্রম, দৃঢ় সংকল্প ও সামর্থ্যের প্রমাণ। আবহাওয়ার অনিশ্চয়তা, প্রাকৃতিক প্রতিকূলতা এবং চাষাবাদের ক্রমবর্ধমান ব্যয়ের মধ্যেও দেশের খাদ্যভাণ্ডার পূর্ণ করতে নিরলস পরিশ্রম করে চলেছেন কৃষকরা। ২০২৫-২৬ সালে দেশের খাদ্যশস্য উৎপাদন ৩৭৮৫.৩৮ লক্ষ টনে পৌঁছেছে। আগের বছরের তুলনায় উৎপাদন বেড়েছে ২০৮.০৬ লক্ষ টন। নিঃসন্দেহে এটি ভারতীয় কৃষিক্ষেত্রের এক অসাধারণ সাফল্য।
অন্যদিকে, ভারতীয় কৃষির ক্রমবর্ধমান শক্তির অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ কৃষিপণ্য রফতানি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য-সহ ভারতের কৃষি ও খাদ্যপণ্য রফতানির পরিমাণ কয়েকশো কোটি মার্কিন ডলারে পৌঁছেছে। এর থেকেই স্পষ্ট, ভারতীয় কৃষি এখন শুধু দেশের অভ্যন্তরীণ খাদ্যের চাহিদা পূরণ করছে না, বিশ্ববাণিজ্যেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
চাল, ডাল, পাট, মিলেট ও মশলা উৎপাদনে বিশ্বের প্রথম স্থান অর্জন ভারতের এই সাফল্যকে আন্তর্জাতিক গুরুত্ব দিয়েছে। প্রশ্ন হল, এই রেকর্ডকে কি ভারতের কৃষি ব্যবস্থায় নির্ণায়ক পরিবর্তনের ইঙ্গিত হিসেবে বিবেচনা করা যায়? এর উত্তর অবশ্যই ইতিবাচক। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ২০২৫-২৬ সালের চূড়ান্ত উৎপাদনের হিসাব এবং ২০২৬-২৭ সালের খরিফ মরশুমের প্রথম আগাম উৎপাদন অনুমান প্রকাশ করেছেন। এই সাফল্যের একাধিক গুরুত্বপূর্ণ দিক রয়েছে।
ভারতে চালের উৎপাদন ১৫৫১.৫৪ লক্ষ টন এবং গমের উৎপাদন ১২২০.৬৪ লক্ষ টনে পৌঁছেছে। এই পরিসংখ্যান প্রমাণ করে, দেশের খাদ্য নিরাপত্তার ভিত ক্রমশ শক্তিশালী হচ্ছে। পাশাপাশি ভুট্টার উৎপাদন ৫৫০.২৫ লক্ষ টন এবং ডালের উৎপাদন ২৭২.৪০ লক্ষ টনে পৌঁছনোর বিষয়টিও বিশেষ তাৎপর্যপূর্ণ।
বর্তমানে চাল, ডাল, পাট, মিলেট ও মশলা উৎপাদনে ভারত বিশ্বের প্রথম স্থানে রয়েছে। গম, তুলো ও চিনাবাদাম-সহ অন্যান্য কৃষিপণ্য উৎপাদনেও ভারতের অবস্থান যথেষ্ট শক্তিশালী। ভারতীয় চালের রফতানি পাঁচ শতাংশ বৃদ্ধি এবং আমেরিকা, কানাডা ও মধ্যপ্রাচ্যের বাজারে বাসমতী চালের ক্রমবর্ধমান চাহিদা প্রমাণ করে, বিশ্ববাজারে ভারতীয় কৃষিপণ্যের গ্রহণযোগ্যতা বাড়ছে।
চলতি বছরের খরিফ উৎপাদনের অনুমানও ভারতীয় কৃষকদের অদম্য মনোবলের আরও একটি প্রমাণ। এল নিনোর আশঙ্কা, বর্ষার বিলম্ব এবং মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের কয়েকটি অঞ্চলে কম বৃষ্টিপাত সত্ত্বেও খরিফ খাদ্যশস্য উৎপাদন ১৬৭১.৪৩ লক্ষ টন হবে বলে অনুমান করা হয়েছে। গত পাঁচ বছরের গড় উৎপাদনের তুলনায় যা ৯৭.৬৭ লক্ষ টন বেশি। ভারতের জন্য এটি অবশ্যই একটি উল্লেখযোগ্য সাফল্য।
খাদ্যশস্যের পর এবার ডাল ও তৈলবীজ উৎপাদনে গুরুত্ব
ভারতীয় কৃষির অন্যতম বড় চ্যালেঞ্জ হল ডাল ও ভোজ্যতেলের ক্ষেত্রে আমদানির ওপর নির্ভরশীলতা। গম ও চালের পর্যাপ্ত মজুত নিশ্চিত করার পর এবার ডাল ও তৈলবীজের উৎপাদন বৃদ্ধিতে সরকারের বিশেষ নজর দেওয়া সময়ের দাবি।
২০২৫-২৬ সালে ডালের উৎপাদন ২৭২.৪০ লক্ষ টন এবং তৈলবীজের উৎপাদন ৪৩২.৫৫ লক্ষ টনে পৌঁছনোর বিষয়টি আশাব্যঞ্জক। চিনাবাদামের উৎপাদন ১৩১.৭১ লক্ষ টন এবং সর্ষের উৎপাদন ১৩৭.৬৬ লক্ষ টনে পৌঁছনো নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তবে একইসঙ্গে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নও সামনে আসছে। দেশে যখন ডাল ও ভোজ্যতেলের চাহিদা ক্রমাগত বাড়ছে, তখন আর কতদিন আমদানির ওপর নির্ভরশীলতা মেনে নেওয়া সম্ভব?
এর সমাধান নিহিত রয়েছে কৃষকদের এমন ফসল চাষে উৎসাহিত করার মধ্যে, যার অভ্যন্তরীণ চাহিদা বেশি এবং যা থেকে তাঁরা অধিক আর্থিক লাভ করতে পারবেন। এজন্য কৃষকদের উন্নতমানের বীজ, আধুনিক প্রযুক্তি, সেচের সুবিধা, কৃষিযন্ত্র এবং নিশ্চিত বাজারের ব্যবস্থা করে দিতে হবে।
ডাল ও তৈলবীজ চাষের ঝুঁকি কমাতে কার্যকর মূল্য সহায়তা এবং ফসল ক্রয়ের সুষ্ঠু ব্যবস্থাও জরুরি। কৃষক তখনই ফসলের বৈচিত্র্য বৃদ্ধির দিকে এগিয়ে যাবেন, যখন তিনি নিশ্চিত হবেন যে তাঁর উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য মিলবে এবং বাজারের জন্য তাঁকে হয়রানির শিকার হতে হবে না।
বর্তমানে ভারতের সামনে এমন একটি সুযোগ এসেছে, যা কাজে লাগিয়ে কৃষিক্ষেত্রে সুদূরপ্রসারী পরিবর্তন আনা সম্ভব। খাদ্যশস্য উৎপাদনে দেশ আত্মবিশ্বাস অর্জন করেছে। বিশ্ব কৃষিক্ষেত্রে ভারতের অবস্থান শক্তিশালী হয়েছে এবং রফতানির সম্ভাবনাও বেড়েছে। এখন প্রয়োজন এই সাফল্যকে একটি টেকসই কৃষি ব্যবস্থায় রূপান্তরিত করা।
নিঃসন্দেহে ৩৭৮৫.৩৮ লক্ষ টন খাদ্যশস্য উৎপাদনের রেকর্ড ভারতের কাছে গর্বের বিষয়। এটি সেই কৃষকের পরিশ্রমের স্বীকৃতি, যিনি দেশের খাদ্য নিরাপত্তার সবচেয়ে শক্তিশালী প্রহরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারতীয় কৃষি ও কৃষকদের সামর্থ্যকে দেশের উন্নয়নযাত্রার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচনা করেছেন। তাঁর দৃষ্টিভঙ্গি হল, কৃষক শক্তিশালী হলে দেশ সমৃদ্ধ হবে এবং কৃষিক্ষেত্রের উন্নতি হলে ভারতের অর্থনীতি নতুন গতি পাবে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বীজ থেকে বাজার পর্যন্ত’ দৃষ্টিভঙ্গিকে এই বৃহত্তর প্রেক্ষাপটেই উপলব্ধি করতে হবে। ভারতের কৃষিশক্তির প্রকৃত বিকাশ তখনই ঘটবে, যখন খেতে দোল খাওয়া সোনালি ফসলের পাশাপাশি কৃষকের ঘরেও সমৃদ্ধি আসবে।
কোনও দেশের কৃষিক্ষেত্রের সাফল্য শুধু খাদ্যভাণ্ডারের প্রাচুর্য দিয়েই বিচার করা উচিত নয়, কৃষকের জীবনেও কতটা সুখ ও স্বাচ্ছন্দ্য এসেছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। আজ ভারত খাদ্যশস্য উৎপাদনে ইতিহাস সৃষ্টি করেছে। এবার কৃষকের সমৃদ্ধির নতুন ইতিহাস রচনা করতে হবে। উন্নত ভারত গড়ার সংকল্প বাস্তবায়নে সেটিই হবে কৃষিক্ষেত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান।
No Comment! Be the first one.