৮,৭০০ কোটি টাকার ২২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, দুর্ঘটনা রোধে বিশেষ উদ্যোগ
সকাল সকাল ডেস্ক
কলকাতা : পশ্চিমবঙ্গের সড়ক, সেতু ও জাতীয় মহাসড়কের উন্নয়নে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি জানান, বাংলার উন্নয়নে অর্থের কোনও অভাব হতে দেবে না কেন্দ্র। রাজ্যের সড়ক ও পরিকাঠামো উন্নয়নে প্রায় এক লক্ষ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসের পাশাপাশি একাধিক নতুন সড়ক ও সেতু প্রকল্পের ঘোষণা করেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে ৮,৭০০ কোটি টাকারও বেশি ব্যয়ে ২২টি জাতীয় সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী জানান, বাংলার সড়ক যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করা, শিল্পের প্রসার, যাতায়াত ব্যবস্থা সহজ করা এবং সড়ক দুর্ঘটনা কমানো কেন্দ্রের অন্যতম অগ্রাধিকার।
গড়করি এদিন রামপুরহাট থেকে সিঞ্চুরা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ চার লেনের সড়ক নির্মাণের ঘোষণা করেন। এই প্রকল্পে প্রায় ৭৫ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব রয়েছে। পাশাপাশি মালদা থেকে দুর্গাপুর পর্যন্ত সড়ক প্রকল্পের জন্য ৭৫০ কোটি টাকা ব্যয়ের কথা জানান তিনি।

মালবাজার, গুর্জন, চোড়ামাল ও নেওড়া এলাকায় প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ সেতু ও চার লেনের সড়ক নির্মাণে ৩৭৫ কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হয়েছে। দামোদর নদের উপর প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ চার লেনের সেতু নির্মাণে ব্যয় হবে ৩০০ কোটি টাকা। এছাড়া দার্জিলিং জেলায় মহানন্দা নদীর উপর সেতু নির্মাণের জন্য ২৭০ কোটি টাকার প্রকল্পের কথাও ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী।
সড়ক নিরাপত্তার উপর বিশেষ গুরুত্ব দিয়ে গড়করি জানান, পশ্চিমবঙ্গের ৬১টি দুর্ঘটনাপ্রবণ স্থান বা ‘ব্ল্যাক স্পট’-এর উন্নয়নে ৫,১০০ কোটি টাকার প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় সার্ভিস রোড, আন্ডারপাস, ওভারপাস নির্মাণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা হবে।
কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের জাতীয় মহাসড়কগুলিকে আমেরিকার সড়কের সমমানের করে তোলাই তাঁর লক্ষ্য। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠলে রাজ্যে শিল্প, বাণিজ্য ও পর্যটনের প্রসার ঘটবে। পরিবহণ ব্যয় কমার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মধ্যে সমন্বয়ের প্রসঙ্গ তুলে গড়করি বলেন, কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রচেষ্টায় উন্নয়নের গতি আরও বাড়বে। বাংলায় উন্নয়নের বিপুল সম্ভাবনা রয়েছে এবং সেই সম্ভাবনাকে বাস্তবায়িত করতে রাজ্য সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত কেন্দ্র।
প্রায় ছয় মাস পর ফের পশ্চিমবঙ্গে আসার কথাও জানান কেন্দ্রীয় মন্ত্রী। তার আগেই ঘোষিত প্রকল্পগুলির কাজ শুরু করার লক্ষ্যে পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দেন তিনি। একই সঙ্গে জমি অধিগ্রহণ, বন ও পরিবেশ সংক্রান্ত ছাড়পত্র এবং নির্মাণস্থলের অবৈধ দখল অপসারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে রাজ্য সরকারের সহযোগিতা চান।
গড়করি জানান, প্রকল্প বাস্তবায়নে প্রশাসনিক জটিলতা দূর করা গেলে উন্নয়নের কাজ আরও দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। বাংলাকে সমৃদ্ধ ও উন্নত রাজ্য হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
No Comment! Be the first one.