বাংলার বিধানসভা নির্বাচনে ৯৩ শতাংশ ভোটদান সংবিধানের ‘জয়’: শুভেন্দু অধিকারী

সংবিধান দিবসে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার বার্তা, জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে নিশানা মুখ্যমন্ত্রীর

সকাল সকাল ডেস্ক

কলকাতা : পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ৯৩ শতাংশ ভোটদানকে সংবিধানের ‘জয়’ বলে অভিহিত করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশের অধিকাংশ মানুষ সাংবিধানিক মূল্যবোধের প্রতি গভীর আস্থা রাখেন। নির্বাচনে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণই তার প্রমাণ।

এত বেশি ভোটদানের হারকে অস্বাভাবিক বলে যে ধারণা তৈরি হয়েছে, তা খারিজ করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর মতে, নির্বাচনী প্রক্রিয়ায় সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ সংবিধানের প্রতি তাঁদের অটুট বিশ্বাসকেই প্রতিফলিত করে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সংবিধানই দেশের সর্বোচ্চ পথপ্রদর্শক। ভারতীয় সংবিধানের অন্যতম প্রধান রূপকার ড. বি আর আম্বেদকরের আদর্শ অনুসরণ করে সরকারের কাজ করা উচিত। দেশের অধিকাংশ মানুষ সংবিধানে বিশ্বাস করেন বলেই পশ্চিমবঙ্গে ৯৩ শতাংশ ভোট পড়েছে। এটি সংবিধানের জয় বলে মন্তব্য করেন তিনি।

এদিন জরুরি অবস্থার প্রসঙ্গ তুলে কংগ্রেসকেও তীব্র আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যাঁরা দেশে জরুরি অবস্থা জারির জন্য দায়ী, তাঁদের সাংবিধানিক মূল্যবোধ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সংযত থাকা উচিত। তাঁর দাবি, ভারতের সংবিধান অত্যন্ত শক্তিশালী। জরুরি অবস্থার সময়েই সংবিধানের উপর সবচেয়ে বড় আঘাত হানা হয়েছিল।

মুখ্যমন্ত্রী আরও বলেন, গোটা দেশ সংবিধান অনুযায়ী পরিচালিত হয়। বিশ্বের অন্য কোথাও ভারতের মতো এত বৃহৎ গণতান্ত্রিক ব্যবস্থা নেই। এই ব্যবস্থাকে আরও সুদৃঢ় করতে হবে। বাবাসাহেব আম্বেদকরের দেখানো পথ অনুসরণ করেই সরকারের দেশ পরিচালনা করা উচিত।

উল্লেখ্য, ১৯৪৯ সালের ২৬ নভেম্বর গণপরিষদে ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল। সেই ঐতিহাসিক দিনটির স্মরণে প্রতি বছর ২৬ নভেম্বর দেশজুড়ে সংবিধান দিবস পালিত হয়। ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতীয় সংবিধান কার্যকর হয়।

Read More News

মুখ্যমন্ত্রীর ভর্ৎসনার পরই তৎপর ইবি, শিয়ালদহের কোলে মার্কেটে আচমকা অভিযান চালিয়ে খতিয়ে দেখা হলো বাজারদর

সকাল সকাল ডেস্ক কলকাতা : বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী...

বাংলায় তৈরি হবে গুরু নানক ভবন, গুরু নানক জয়ন্তীতে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

সকাল সকাল ডেস্ক কলকাতা : মঙ্গলবার গুরু নানক জয়ন্তীর পুণ্য লগ্নে রাজ্যে গুরু নানক দেবের নামে একটি...

Read More