সকাল সকাল ডেস্ক
নয়াদিল্লি, ২৫ নভেম্বর: সপ্তাহের তৃতীয় লেনদেনের দিন বুধবার দুরন্ত উত্থানের সাক্ষী থাকল দেশের শেয়ার বাজার। দিনের শেষে সবুজের সমারোহ দেখা গেল দুই প্রধান সূচকেই। সেনসেক্স ১,৫০২.২৯ পয়েন্ট বেড়ে ৮৩,৯৩৮.২৮ পয়েন্টে এবং নিফটি ৪৬৯.৬০ পয়েন্ট বেড়ে ২৫,৮১৯.২৫ পয়েন্টে বন্ধ হয়েছে।
লেনদেন শেষে বম্বে স্টক এক্সচেঞ্জের (বিএসই) সেনসেক্স ১.৮২ শতাংশ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (এনএসই) নিফটি ১.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দুই প্রধান সূচকের এই উল্লেখযোগ্য উত্থানে বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে।
এদিন ওষুধ, তথ্যপ্রযুক্তি, গাড়ি নির্মাণ, বেসরকারি ব্যাঙ্ক এবং তেল ও গ্যাস সংস্থার শেয়ারে ব্যাপক কেনাকাটা হয়েছে। হিন্দুস্তান ইউনিলিভার, ইনফোসিস, আইসিআইসিআই ব্যাঙ্ক, ইন্ডিগো, এইচডিএফসি ব্যাঙ্ক এবং বাজাজ ফিন্যান্সের শেয়ারের দাম সর্বাধিক ৬ শতাংশ পর্যন্ত বেড়েছে।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১.৪২ শতাংশ কমে ব্যারেল প্রতি ৯০.১২ ডলারে দাঁড়িয়েছে। নভেম্বর মাসে এখনও পর্যন্ত অপরিশোধিত তেলের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। এর ফলে ভারতের তেল আমদানির ব্যয় এবং মূল্যবৃদ্ধির চাপ কমার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মার্কিন ডলারের তুলনায় ভারতীয় মুদ্রাও শক্তিশালী হয়েছে। ডলারের বিপরীতে টাকার মূল্য ৬৬ পয়সা বেড়ে সাময়িকভাবে ৯২.১৯ টাকায় দাঁড়িয়েছে।
উল্লেখ্য, গত ২৪ নভেম্বর গুরু নানকের জন্মজয়ন্তী উপলক্ষে শেয়ার বাজার বন্ধ ছিল। তার আগে ২৩ নভেম্বর বড়সড় পতনের সাক্ষী হয়েছিল দেশের শেয়ার বাজার। ওই দিন সেনসেক্স ১,৪৮৩ পয়েন্ট কমে ৮২,৪৩৫ পয়েন্টে বন্ধ হয়েছিল। নিফটিও ৪৫০ পয়েন্ট কমে ২৫,৩৪৯ পয়েন্টে নেমে এসেছিল। বুধবারের দুরন্ত উত্থানে সেই পতনের ধাক্কা অনেকটাই কাটিয়ে উঠল দেশের শেয়ার বাজার।
No Comment! Be the first one.