সকাল সকাল ডেস্ক
লুগুবাবার পবিত্র ভূমিকে ‘ধ্যানস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগ জেলা প্রশাসনের
বোকারো : আদিবাসী সংস্কৃতি, ঐতিহ্য ও ধর্মীয় বিশ্বাসের মেলবন্ধনে বর্ণাঢ্য সূচনা হল লুগুবুরু ঘণ্টাবাড়ি ধরমগড় রাজ্য উৎসব-২০২৬। রবিবার বোকারোর লালপানিয়ায় ঝাড়খণ্ড রাজ্য প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এই তিন দিনের উৎসবের উদ্বোধন হয় ঐতিহ্যবাহী রীতিনীতি ও প্রদীপ প্রজ্বালনের মাধ্য মে। মাদলের তালে আদিবাসী লোকনৃত্য ও সংগীতে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বোকারোর জেলাশাসক অজয় নাথ ঝা, পুলিশ সুপার নাথু সিং মীণা, উপউন্নয়ন কমিশনার শতাব্দী মজুমদার, শিক্ষানবিশ আইএএস অরবিন্দ রাধাকৃষ্ণন-সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিক ও উৎসব কমিটির প্রতিনিধিরা।
জেলাশাসক অজয় নাথ ঝা বলেন, লুগুবাবার পবিত্র ভূমি কেবল ধর্মীয় স্থান নয়, দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক চেতনার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। তিনি দেশের বিভিন্ন প্রান্তের আদিবাসী সম্প্রদায় ও পুণ্যার্থীদের এখানে আসার আহ্বান জানান। পাশাপাশি উৎসবের অনুষ্ঠানস্থলকে ‘লুগুবাবা ধ্যানস্থল’ হিসেবে গড়ে তোলার উদ্যোগের কথা ঘোষণা করেন। সেখানে পুণ্যার্থীরা ধ্যান, সাধনা ও আধ্যাত্মিক চর্চার সুযোগ পাবেন।
পুলিশ সুপার নাথু সিং মীণা জানান, উৎসবে আগত পুণ্যার্থীদের নিরাপত্তা ও সুবিধা নিশ্চিত করতে প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। উৎসবস্থল ও যাতায়াতের পথে একাধিক সহায়তা কেন্দ্র খোলা হয়েছে। চিকিৎসক, পুলিশ, দমকল বাহিনী ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়েছে। জরুরি চিকিৎসা এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়েছে।
উপউন্নয়ন কমিশনার শতাব্দী মজুমদার বলেন, লুগুবুরু উৎসব প্রকৃতি, ঐতিহ্য ও সামূহিক বিশ্বাসের অনন্য মিলনক্ষেত্র। পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা-সহ দেশের বিভিন্ন রাজ্য ছাড়াও নেপাল ও বাংলাদেশ থেকে বহু পুণ্যার্থী এই উৎসবে অংশ নেন। আদিবাসী সমাজের প্রকৃতিনির্ভর জীবনদর্শন মানবসমাজকে পরিবেশের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলার শিক্ষা দেয়।
এদিন স্থানীয় শিল্পী ও পড়ুয়াদের পরিবেশিত আদিবাসী লোকসংগীত এবং নৃত্য দর্শকদের মুগ্ধ করে। ঝাড়খণ্ড প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন দপ্তরের আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও শংসাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন শিক্ষানবিশ আইএএস অরবিন্দ রাধাকৃষ্ণন। উৎসবের সফল আয়োজনে প্রশাসন, পুলিশ, চিকিৎসক, স্বেচ্ছাসেবক ও আয়োজক কমিটির অবদানের প্রশংসা করেন তিনি। অনুষ্ঠানে বিপুলসংখ্যক পুণ্যার্থী ও স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।
No Comment! Be the first one.