ভারতের আত্মা ও অখণ্ডতা রক্ষার সংকল্প ছিল জম্মু-কাশ্মীরের অন্তর্ভুক্তি: রাজনাথ সিং

সকাল সকাল ডেস্ক

জম্মু : ভারতের সঙ্গে জম্মু-কাশ্মীরের অন্তর্ভুক্তি ছিল দেশের আত্মা ও ভাবধারা রক্ষার এক দৃঢ় সংকল্প। শনিবার জম্মুতে এক জনসভায় এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, জম্মু-কাশ্মীর ভারতের মুকুট, দেশের গৌরব ও অহংকার। তাই ভারতের সঙ্গে এর অন্তর্ভুক্তি শুধুমাত্র একটি ভৌগোলিক অঞ্চলকে যুক্ত করার বিষয় ছিল না, বরং দেশের আত্মা, ভাবধারা, ঐক্য ও অখণ্ডতা রক্ষার সংকল্প ছিল।

এদিন জম্মুর লোকভবনের কাছে পঞ্জতীর্থী চক থেকে প্যারেড চক সংলগ্ন ব্রাহ্মণ সভা পর্যন্ত বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা দূর করো’ পদযাত্রায় নেতৃত্ব দেন রাজনাথ সিং। পরে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপির রাজনৈতিক যাত্রাপথে জম্মু-কাশ্মীরের ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরেন তিনি। ভারতের সঙ্গে এই অঞ্চলের পূর্ণ সংযুক্তির দাবিতে আন্দোলনকারী পণ্ডিত প্রেমনার্থ ডোগরার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রতিরক্ষামন্ত্রী। পাশাপাশি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘এক দেশ, এক বিধান, এক নিশান’ স্লোগানের কথাও স্মরণ করেন তিনি।

রাজনাথ সিং বলেন, দেশের ঐক্য ও অখণ্ডতা রক্ষায় জম্মু-কাশ্মীরের বহু মানুষ প্রাণ বিসর্জন দিয়েছেন। তাঁদের সর্বোচ্চ আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

কেন্দ্রশাসিত অঞ্চলের উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রতিরক্ষামন্ত্রী দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের অন্যান্য অংশের পাশাপাশি জম্মু-কাশ্মীরও দ্রুত উন্নয়নের পথে এগিয়ে চলেছে। একইসঙ্গে কংগ্রেসের ‘ভোট চুরি’র অভিযোগের সমালোচনা করে তিনি দাবি করেন, ওই অভিযোগের পক্ষে কংগ্রেস কোনও সুনির্দিষ্ট প্রমাণ পেশ করতে পারেনি।

এদিনের পদযাত্রায় বিজেপির শতাধিক নেতা, নির্বাচিত জনপ্রতিনিধি ও দলীয় কর্মী অংশগ্রহণ করেন। প্রতিরক্ষামন্ত্রীর উপস্থিতি এবং বিপুল জনসমাগমের পরিপ্রেক্ষিতে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়। যান চলাচল নিয়ন্ত্রণেও অতিরিক্ত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়।

এর আগে শনিবার সকালে জম্মু বিমানবন্দরে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে স্বাগত জানান উপরাজ্যপাল মনোজ সিনহা।

Read More News

বেসরকারি স্কুলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শুভেন্দুর, শিক্ষার মানোন্নয়ন ও স্বচ্ছতায় জোর

সকাল সকাল ডেস্ক কলকাতা : রাজ্যের বিদ্যালয় শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বেসরকারি স্কুলের প্রতিনিধিদের...

Read More