সকাল সকাল ডেস্ক
মাদুরাই : সুপ্রিম কোর্টের নির্দেশে তামিলনাড়ুর মাদুরাই জেলার তিরুপ্পারানকুন্দ্রম পাহাড়ে প্রথাগত কার্তিগাই দীপম প্রজ্বলন নিশ্চিত করতে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)। শনিবার পাহাড়ের চূড়ায় অবস্থিত ‘দীপ স্তম্ভে’ প্রদীপ জ্বালানোর কথা রয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোটা এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, কার্তিগাই দীপম উৎসব উপলক্ষে তিরুপ্পারানকুন্দ্রম পাহাড়ের চূড়ায় অবস্থিত দীপ স্তম্ভে প্রদীপ জ্বালানোর অন্তর্বর্তীকালীন নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চও সেই নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছিল। কিন্তু গত ২৪ নভেম্বর ঐতিহ্য মেনে উচি পিল্লাইয়ার মন্দির সংলগ্ন স্তম্ভে প্রদীপ জ্বালানো হলেও পাহাড়ের চূড়ায় অবস্থিত বিতর্কিত দীপ স্তম্ভে প্রদীপ প্রজ্বলন করা হয়নি। পরবর্তীতে মাদুরাইয়ের জেলাশাসক নিশান্ত কৃষ্ণা সুপ্রিম কোর্টে ১৭ পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়ে ক্ষমা প্রার্থনা করেন।

শুক্রবার, ২৭ নভেম্বর এই মামলার পুনরায় শুনানি হয় শীর্ষ আদালতে। শুনানির সময় জেলাশাসকের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, প্রদীপ জ্বালানো তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না। এই বক্তব্যে তীব্র অসন্তোষ প্রকাশ করে সুপ্রিম কোর্ট। আদালত স্পষ্ট জানিয়ে দেয়, ২৮ নভেম্বর পাহাড়ের চূড়ায় অবস্থিত দীপ স্তম্ভেই প্রদীপ প্রজ্বলন করতে হবে। পুণ্যার্থীদেরও সেখানে প্রদীপ জ্বালানোর অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি সিআরপিএফকে অবিলম্বে পাহাড়ের নিরাপত্তার দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়।
এই মামলায় তামিলনাড়ুর মুখ্যসচিব, ডিজিপি, মাদুরাইয়ের জেলাশাসক ও পুলিশ সুপার-সহ মোট ১৩ জনকে আদালত অবমাননার নোটিস জারি করেছে সুপ্রিম কোর্ট। রাজ্যের মুখ্যসচিবকে বিস্তারিত পাল্টা হলফনামা জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এছাড়া মন্দিরের ট্রাস্টি বোর্ড বাতিল করে প্রশাসনিক দায়িত্ব অবসরপ্রাপ্ত বিচারপতি এস বৈদ্যনাথন ও পার্থিবনের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত।
একই সঙ্গে পাহাড়ে অবস্থিত সিকান্দার দরগার নিরাপত্তা যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে আদালত। মন্দির ও দরগা চত্বর পৃথক রাখতে সীমানা প্রাচীর নির্মাণের অনুমতিও দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর তিরুপ্পারানকুন্দ্রম পাহাড় ও সংলগ্ন এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
No Comment! Be the first one.