সকাল সকাল ডেস্ক
কলকাতা
কলকাতার ফুটপাত ও রাস্তা জবরদখলমুক্ত করতে নতুন করে অভিযানে নামতে চলেছে রাজ্য সরকার। এই ইস্যুতে বিরোধীদের সমালোচনা ও প্রতিবাদের মাঝেই সরকারের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ফুটপাত মূলত পথচারীদের জন্য। সাধারণ মানুষের চলাচলের অধিকারকে খর্ব করে কোনওভাবেই ফুটপাত দখল করে ব্যবসা চালানোর অনুমতি দেওয়া হবে না।
মুখ্যমন্ত্রী বলেন, “ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে। সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারও নেই। বড় বড় রাস্তা ও ফুটপাত কাউকে দিয়ে দেওয়ার ক্ষমতা আইন কিংবা জনগণ আমাকে দেয়নি।” তাঁর দাবি, সরকারের প্রথম দায়িত্ব সাধারণ মানুষের স্বার্থ রক্ষা করা। তাই কিছু মানুষের সুবিধার জন্য বৃহত্তর জনস্বার্থকে বিসর্জন দেওয়া হবে না।
কলকাতার নিউ মার্কেট, রাজাবাজার, খিদিরপুর এবং মেটিয়াবুরুজের মতো এলাকাগুলির নাম উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বহু জায়গায় রাস্তা ও ফুটপাত দখল হয়ে রয়েছে। এর ফলে যান চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। নতুন সরকার এই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
তবে কড়া অবস্থানের পাশাপাশি পুনর্বাসনের বিষয়েও আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সরকারের ফাঁকা জমি বা দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকা বাজারগুলিকে কাজে লাগিয়ে বৈধ পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। যাঁরা বর্তমানে রাস্তা বা ফুটপাত দখল করে ব্যবসা করছেন, তাঁদের আগে স্বেচ্ছায় সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
শুভেন্দুর বক্তব্য, “আমরা মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি দেখছি। যেখানে উদ্বৃত্ত জায়গা রয়েছে, সেখানে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। কিন্তু তার আগে বেআইনিভাবে দখল করা জায়গা খালি করতে হবে।”
হকারদের আর্থিক নিরাপত্তার বিষয়েও বিশেষ উদ্যোগের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের বিভিন্ন প্রকল্প এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য থাকা সরকারি সুবিধা হকারদের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। আন্দোলন বা সংঘাতের পথে না গিয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই সরকারের লক্ষ্য।
প্রশাসনিক সূত্রের খবর, খুব শীঘ্রই কলকাতা পুরসভা ও পুলিশ যৌথভাবে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় জবরদখলমুক্ত করার অভিযান শুরু করতে পারে। তবে প্রশাসনের লক্ষ্য হবে বলপ্রয়োগ নয়, বরং পুনর্বাসনের পথ খুলে দিয়ে শহরের রাস্তা ও ফুটপাত সাধারণ মানুষের জন্য ফিরিয়ে দেওয়া।
No Comment! Be the first one.