রজনীকান্তের প্রতি শ্রদ্ধায় বড় পদক্ষেপ ধানুশের

সকাল সকাল ডেস্ক

একসময় পারিবারিক সম্পর্ক ছিল তাঁদের। রজনীকান্ত ছিলেন ধানুশের শ্বশুর। সেই সম্পর্ক এখন অতীত হলেও বর্ষীয়ান অভিনেতার প্রতি ধানুশের শ্রদ্ধায় যে কোনও ঘাটতি পড়েনি, তারই যেন প্রমাণ মিলল আরও একবার। রজনীকান্তের ছবির সঙ্গে বক্স অফিসে সরাসরি সংঘাত এড়াতে নিজের নতুন ছবি ‘ওম’-এর মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ধানুশ।

বাস্তব ঘটনা থেকে অনুপ্রাণিত তামিল অ্যাকশন-থ্রিলার ‘ওম: চ্যাপ্টার ১ (উধিরাম—দ্য ব্লাড উড)’ নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। ছবির গল্প ও চরিত্র সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। তবে জাতীয় পুরস্কারজয়ী শিল্পীদের পাশাপাশি মম্মুট্টির মতো তারকার উপস্থিতি ছবিটি নিয়ে প্রত্যাশা বাড়িয়েছে।

প্রাথমিকভাবে আগামী ১৬ অক্টোবর ‘ওম’-এর মুক্তির দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তার ঠিক একদিন আগে, ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে রজনীকান্ত অভিনীত নতুন ছবি। একই সময়ে দুই ছবি মুক্তি পেলে বক্স অফিসে সরাসরি প্রতিযোগিতা তৈরি হতে পারত। সেই পরিস্থিতি এড়াতেই নিজের ছবির মুক্তি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ধানুশ। তবে ‘ওম’-এর নতুন মুক্তির দিন এখনও ঘোষণা করা হয়নি।

সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানিয়ে ধানুশ বলেন, বর্তমান পরিস্থিতিতে কোনও ছবির মুক্তি পিছিয়ে দেওয়া সহজ সিদ্ধান্ত নয়। তা সত্ত্বেও রজনীকান্তের প্রতি সম্মান জানিয়েই তাঁরা এই পথে হাঁটছেন।

ধানুশ জানিয়েছেন, বছরের পর বছর ধরে রজনীকান্তকে তাঁরা শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে এসেছেন। তাঁর ছবি ১৫ অক্টোবর মুক্তি পাওয়ায় সেই তারিখকে সম্মান জানিয়ে ‘ওম’-এর মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে।

শুধু রজনীকান্তের ছবির সঙ্গেই নয়, দীপাবলির সময়ও অন্য বড় বাজেটের ছবির সঙ্গে সংঘাত এড়াতে চাইছেন ধানুশ। তাঁর মতে, আগে থেকে ঘোষিত মুক্তির তারিখকে সম্মান করা চলচ্চিত্র শিল্পের বৃহত্তর স্বার্থে গুরুত্বপূর্ণ। বড় ছবির নির্মাতাদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া থাকলে তা গোটা ইন্ডাস্ট্রির পক্ষেই ইতিবাচক।

প্রসঙ্গত, রজনীকান্তের বড় মেয়ে ঐশ্বরিয়ার সঙ্গে ২০০৪ সালে বিয়ে হয়েছিল ধানুশের। দীর্ঘ ১৮ বছরের দাম্পত্যের পর ২০২২ সালে তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানান। ব্যক্তিগত সম্পর্কের সেই অধ্যায় শেষ হলেও রজনীকান্তের প্রতি ধানুশের শ্রদ্ধার জায়গা যে অটুট, তাঁর সাম্প্রতিক সিদ্ধান্তে ফের সেই বার্তাই উঠে এসেছে।

Read More News

Read More