সকাল সকাল ডেস্ক
কঠিন পরিস্থিতিতেও সহজে হার মানেন না শাহরুখ খান। শুধু নিজে ঘুরে দাঁড়ানোই নয়, আশপাশের মানুষকে উৎসাহ দেওয়া এবং তাঁদের মনোবল বাড়িয়ে তোলার বিশেষ ক্ষমতাও রয়েছে তাঁর। এবার বলিউডের ‘কিং খান’-এর এই গুণের প্রশংসা করলেন অমিতাভ বচ্চন। ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৮তম মরশুমের একটি পর্বে অভিনেতা রাজকুমার রাওয়ের সঙ্গে কথোপকথনের সময় শাহরুখকে নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন বিগ বি।
অনুষ্ঠানে নিজের অভিনয় জীবনের শুরুর দিনের কথা বলতে গিয়ে শাহরুখের প্রসঙ্গ তোলেন রাজকুমার। তিনি জানান, শাহরুখের মতো তিনিও দিল্লির সাধারণ পরিবার থেকে উঠে এসেছেন। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। দিল্লিতে থিয়েটার ও টেলিভিশনে কাজ করার পর শাহরুখ যেভাবে মুম্বইয়ে এসে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন, সেই যাত্রা তাঁকে অনুপ্রাণিত করেছিল।
রাজকুমার জানান, মুম্বইয়ে তাঁর নিজের সংগ্রামের দিনগুলিতেও শাহরুখের সাফল্যের গল্প সাহস জুগিয়েছে। একই সঙ্গে অমিতাভ বচ্চনও তাঁর জীবনের অন্যতম অনুপ্রেরণা। রাজকুমারের কথায়, তাঁর মায়ের ঘরে দীর্ঘদিন অমিতাভের একটি পোস্টার ছিল।
কথোপকথনে শাহরুখের নাম উঠতেই তাঁর সঙ্গে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন অমিতাভ। বিগ বি জানান, শাহরুখ এমন একজন মানুষ, যিনি প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও সহজে পরাজয় স্বীকার করেন না। বরং কঠিন সময়ে নিজের পাশাপাশি আশপাশের মানুষকেও ইতিবাচক থাকতে সাহায্য করেন।
অমিতাভের মতে, মানুষের আত্মবিশ্বাস ও মনোবল বাড়িয়ে দেওয়ার বিশেষ ক্ষমতা রয়েছে শাহরুখের। কোনও সমস্যা সামনে এলে তিনি সরাসরি কথা বলেন এবং এমনভাবে পরিস্থিতি সামলান, যাতে সামনের মানুষটিও নতুন করে সাহস পান। দীর্ঘদিনের সহ-অভিনেতার এই মানসিকতার প্রশংসা করেন অমিতাভ।
বলিউডে একসময় অমিতাভ ও শাহরুখের সম্পর্ক নিয়ে নানা জল্পনা শোনা গিয়েছিল। দুই তারকার মধ্যে পেশাগত প্রতিযোগিতা বা দূরত্ব রয়েছে বলেও বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। তবে কেবিসির মঞ্চে শাহরুখকে নিয়ে অমিতাভের বক্তব্য তাঁদের ব্যক্তিগত সম্পর্কের অন্য ছবিই তুলে ধরেছে। শাহরুখের সঙ্গে তাঁর সম্পর্ক আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ বলেও জানিয়েছেন প্রবীণ অভিনেতা।
অমিতাভ বচ্চন ও শাহরুখ খান একসঙ্গে ‘মহব্বতে’, ‘কভি খুশি কভি গম’, ‘কভি আলবিদা না কেহনা’-র মতো একাধিক ছবিতে কাজ করেছেন। এবার কেবিসির মঞ্চে শাহরুখের ব্যক্তিত্ব ও হার না মানা মানসিকতা নিয়ে বিগ বি-র প্রশংসা নতুন করে নজর কেড়েছে।
No Comment! Be the first one.