সকাল সকাল ডেস্ক
আইচি-নাগোয়া : প্রাথমিক স্কোয়াডে নামই ছিল না। ট্রায়ালে দিব্যাংশী চৌধুরির কাছে হেরে তৃতীয়বার এশিয়ান গেমসে অংশ নেওয়ার স্বপ্নও প্রায় শেষ হয়ে গিয়েছিল। কিন্তু দিব্যাংশীর চোটে শেষ মুহূর্তে সুযোগ পান নাওরেম রোশিবিনা দেবী। সেই সুযোগ কাজে লাগিয়েই ইতিহাস গড়লেন মণিপুরের উশু তারকা। দেশের প্রথম উশু অ্যাথলিট হিসেবে টানা তিনটি এশিয়ান গেমসে পদক জয়ের নজির গড়লেন তিনি।
জাপানে মহিলাদের ৬০ কেজি স্যান্ডা বিভাগে রুপো জিতেছেন রোশিবিনা। এর আগে ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসে ব্রোঞ্জ এবং ২০২২ হ্যাংঝৌ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন তিনি। বৃহস্পতিবার ফাইনালে ঝ্যাং শিয়াওজুর কাছে ০-২ ব্যবধানে হেরে সোনার স্বপ্ন অধরা থেকে যায়। স্বর্ণপদকের লড়াইয়ে দুই রাউন্ডেই ০-৫ ব্যবধানে পিছিয়ে পড়েন ভারতীয় তারকা।
সোনা হাতছাড়া হলেও ইতিহাস গড়তে অবশ্য সমস্যা হয়নি রোশিবিনার। সেমিফাইনালে ইন্দোনেশিয়ার প্রতিদ্বন্দ্বীকে ২-০ ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছিলেন তিনি। তার আগে প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন ভিয়েতনামের এনগুয়েন থি থু থুইকেও পরাজিত করেন।
এশিয়ান গেমসে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চেও একাধিক পদক রয়েছে রোশিবিনার ঝুলিতে। ২০১৯ সালের সাউথ এশিয়ান গেমসে সোনা এবং ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন কৃষক পরিবারের এই সন্তান।
শেষ মুহূর্তে কীভাবে এশিয়াডের টিকিট
২০২৬ এশিয়ান গেমসের ট্রায়ালে দিব্যাংশী চৌধুরির কাছে হেরে প্রাথমিক দল থেকে বাদ পড়েছিলেন রোশিবিনা। পরে দিব্যাংশীর চোটের কারণে তাঁর সামনে সুযোগের দরজা খুলে যায়। তবে সেই দলবদল ঘিরে বিতর্কও তৈরি হয়েছিল।
পাতিয়ালার জাতীয় শিবিরে রোশিবিনার বিরুদ্ধে মানসিক ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছিলেন দিব্যাংশী। তাঁর অভিযোগ ছিল, রোশিবিনা তাঁর ঘাড়ে আঘাত করার চেষ্টা করেছিলেন। সোশ্যাল মিডিয়ায় দিব্যাংশী আরও দাবি করেছিলেন, তাঁর পরিবারও হেনস্তার শিকার হয়েছে। চিকিৎসকদের অনুমতি থাকা সত্ত্বেও ষড়যন্ত্র করে তাঁকে এশিয়ান গেমসের দল থেকে বাদ দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছিলেন তিনি।
তবে সর্বভারতীয় উশু ফেডারেশন এই অভিযোগের প্রেক্ষিতে জানায়, রোশিবিনাকে সুযোগ করে দেওয়ার জন্য নয়, চোট ও চিকিৎসাজনিত কারণেই দিব্যাংশীকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। ফেডারেশনের বক্তব্য অনুযায়ী, জুনে চিনের হুবেইয়ে অনুষ্ঠিত উশু স্যান্ডা চ্যাম্পিয়নশিপে চোট পেয়েছিলেন দিব্যাংশী। প্রায় এক মাস পরে তিনি পাতিয়ালার জাতীয় শিবিরে যোগ দেন।
শিবিরে অনুশীলনের সময় ফের অস্বস্তি অনুভব করায় তাঁর এমআরআই করা হয়। পরীক্ষায় হাঁটুর এসিএল-এ গুরুতর চোট ধরা পড়ে। রিপোর্ট স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ার চিকিৎসকদের কাছে পাঠানো হলে তাঁকে প্রতিযোগিতামূলক খেলাধুলো থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। সাইয়ের অর্থোপেডিক চিকিৎসক অস্ত্রোপচারের প্রয়োজনীয়তার কথাও জানিয়েছিলেন বলে ফেডারেশনের দাবি।
এই পরিস্থিতিতেই এশিয়ান গেমসের দলে সুযোগ পান রোশিবিনা। শেষ মুহূর্তে পাওয়া সেই সুযোগ কাজে লাগিয়ে টানা তৃতীয় এশিয়াডে পদক জিতে ভারতীয় উশুর ইতিহাসে নিজের নাম আরও উজ্জ্বল করলেন মণিপুরের এই অ্যাথলিট।
No Comment! Be the first one.