সকাল সকাল ডেস্ক
কলকাতা : ক্রিকেটের পর এবার টেবল টেনিসের মঞ্চে মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। এশিয়ান গেমসের টেবল টেনিসের দলগত বিভাগের গ্রুপ বিন্যাসে একই গ্রুপে জায়গা পেয়েছে দুই দেশ। পুরুষ ও মহিলা—উভয় দলগত বিভাগেই ভারত-পাকিস্তান ম্যাচ থাকায় এই লড়াই ঘিরে আগ্রহ তৈরি হয়েছে ক্রীড়াপ্রেমীদের মধ্যে।
সাম্প্রতিক সময়ে ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে মাঠের বাইরের নানা ঘটনাও আলোচনায় এসেছে। পহেলগাঁও হামলার পর দুই দেশের ক্রিকেটারদের করমর্দন না করার ঘটনাও বিতর্ক তৈরি করেছিল। তবে অন্যান্য খেলায় দুই দেশের খেলোয়াড়রা মুখোমুখি হলেও সব ক্ষেত্রে একই ছবি দেখা যায়নি। ফলে এশিয়ান গেমসে টেবল টেনিস ম্যাচের আগে সেই প্রসঙ্গও উঠে আসছে।
প্রকাশিত গ্রুপ বিন্যাস অনুযায়ী, পুরুষদের দলগত বিভাগে ভারতের সঙ্গে একই গ্রুপে রয়েছে পাকিস্তান, ইন্দোনেশিয়া ও ইরান। মহিলা দলগত বিভাগেও ভারত ও পাকিস্তান মুখোমুখি হবে। ফলে গ্রুপ পর্বেই দুই দেশের প্যাডলারদের লড়াই দেখা যাবে।
তবে মাঠের বাইরের আলোচনা নিয়ে বিশেষ ভাবতে চাইছে না ভারতীয় শিবির। দলের কোচ সৌরভ চক্রবর্তী জানিয়েছেন, তাঁদের যাবতীয় মনোযোগ টেবল টেনিসেই। তাঁর কথায়, “করমর্দন করা হবে কি হবে না, সেসব নিয়ে আমরা ভাবনাচিন্তা করছি না। আমাদের মাথায় শুধুই টেবল টেনিস। প্রতিপক্ষ যে দেশই হোক না কেন, আমাদের লক্ষ্য জয় ছিনিয়ে নেওয়া। তবে করমর্দন করা হবে না বা করব না, এই ছবি টেবল টেনিসে বোধহয় সম্ভব হবে না। এই নিয়ে ভাবছি না, এটুকু বলতে পারি।”
এবারের এশিয়ান গেমসে অন্তত তিনটি পদক জয়ের লক্ষ্য নিয়ে নামছে ভারতীয় টেবল টেনিস দল। দলগত বিভাগে পদকের ব্যাপারে আত্মবিশ্বাসী কোচ সৌরভ। ব্যক্তিগত বিভাগে অবশ্য অনেক কিছুই ড্রয়ের উপর নির্ভর করবে বলে মনে করছেন তিনি।
ভারতীয় প্যাডলারদের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে চিন, চিনা তাইপেই, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল। বিশেষ করে পদকের লড়াইয়ে পৌঁছতে এশিয়ার এই শক্তিধর দেশগুলোর খেলোয়াড়দের চ্যালেঞ্জ সামলাতে হতে পারে ভারতকে।
সৌরভ বলেন, “পদক পেতে যে কোনও চ্যালেঞ্জ সামলানোর জন্য তৈরি থাকতে হয়। ভারতীয় প্যাডলাররা এখন নিয়মিত যে কোনও দেশকে টক্কর দিচ্ছে। চিনের প্যাডলাররাও আমাদের সমঝে চলে। তাই এটুকু বলতে পারি, আমরা তৈরি।”
এদিকে জাপানের নাগোয়ায় পৌঁছে ইতিমধ্যেই অনুশীলন শুরু করেছে ভারতীয় টেবল টেনিস দল। তবে দলের থাকার ব্যবস্থা নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে। প্যাডলারদের শহর থেকে দূরে একটি ক্রুজে রাখা হয়েছে। সেখান থেকে অনুশীলনের জন্য নির্ধারিত স্কাই সিটি হলে পৌঁছতে দীর্ঘ সময় লাগছে বলে অভিযোগ।
মাঠের বাইরের যাবতীয় আলোচনা সরিয়ে এখন ভারতীয় শিবিরের লক্ষ্য ভালো পারফরম্যান্স এবং পদক। তার মধ্যেই গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচ এবারের টেবল টেনিস প্রতিযোগিতায় বাড়তি আগ্রহ যোগ করেছে।
No Comment! Be the first one.