হার্দিকের প্রত্যাবর্তনে তাড়াহুড়ো নয়, ম্যাচ ফিটনেস চান গম্ভীর

সকাল সকাল ডেস্ক

ভারতীয় অলরাউন্ডার হার্দিক পাণ্ডিয়ার আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন নিয়ে কোনও তাড়াহুড়ো করতে চান না জাতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর। তাঁর স্পষ্ট বক্তব্য, জাতীয় দলে ফেরার আগে হার্দিককে নিজের ম্যাচ ফিটনেস প্রমাণ করতে হবে। পুরোপুরি ফিট হয়ে আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নেওয়ার মতো জায়গায় পৌঁছলেই তাঁকে ফেরানোর কথা ভাবা হবে। ততদিন পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতীশ কুমার রেড্ডিকে নিয়ে এগোতে কোনও সমস্যা দেখছেন না ভারতীয় কোচ।

আগামী অক্টোবরে ভারত ‘এ’-র হয়ে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে মাঠে নামার কথা হার্দিকের। গত আইপিএলের পর থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেখা যায়নি তাঁকে। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে টুর্নামেন্টের শেষ দিকের কয়েকটি ম্যাচেও খেলতে পারেননি তিনি। ফলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর আগে তাঁর ফিটনেস কোন পর্যায়ে রয়েছে, তা দেখে নিতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

হার্দিকের অনুপস্থিতিতে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে নীতীশ কুমার রেড্ডিকে গুরুত্বপূর্ণ বিকল্প মনে করছেন গম্ভীর। প্রথমে এশিয়ান গেমসের টি-টোয়েন্টি দলে রাখা হয়েছিল নীতীশকে। পরে তাঁকে সেই দল থেকে সরিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও বল হাতে নজর কেড়েছেন নীতীশ।

আগামী বছর দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে বিশ্বকাপের কথা মাথায় রেখে পেস বোলিং অলরাউন্ডারের বিকল্প বাড়াতে চাইছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। গম্ভীর বলেন, “গেমসের টি-টোয়েন্টি দল থেকে নীতীশকে সরিয়ে দেওয়ায় ভালোই হয়েছে। ও এখন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে পারবে। আগামী বছর দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে বিশ্বকাপ। তাই পেসার অলরাউন্ডারের যত বেশি বিকল্প আমাদের হাতে থাকবে, ততই ভালো।”

হার্দিক ফিরে এলে নীতীশের সুযোগ কমে যাবে, এমনটাও মনে করছেন না ভারতীয় কোচ। পরিস্থিতি অনুযায়ী দুই পেস বোলিং অলরাউন্ডারকেই একসঙ্গে খেলানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন তিনি। গম্ভীরের কথায়, “হার্দিক ফিরে এলে আরও ভালো হবে। এমনও হতে পারে, আমরা নীতীশ ও হার্দিক দু’জনকেই খেলালাম।”

তবে হার্দিককে নিয়ে কোনও ঝুঁকি নিতে রাজি নয় ভারতীয় শিবির। বিশেষ করে দীর্ঘদিন ম্যাচের বাইরে থাকার পর সরাসরি আন্তর্জাতিক ক্রিকেটে তাঁকে ফেরানো ঠিক হবে না বলেই মনে করছেন গম্ভীর। তাঁর মতে, হার্দিক এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে পুরো ১০ ওভার বোলিং করার মতো অবস্থায় পৌঁছেছেন কি না, সেটিও যাচাই করা প্রয়োজন।

গম্ভীর বলেন, “হার্দিকের উপর আমরা এখনই চাপ সৃষ্টি করতে চাই না। প্রথমত, আইপিএলের পর ও খুব বেশি ম্যাচ খেলেনি। এই মুহূর্তে ১০ ওভার বল করার জায়গাতেও নেই হার্দিক। আন্তর্জাতিক ক্রিকেটে ওর প্রত্যাবর্তন নিয়ে আমরা তাড়াহুড়ো করতে চাই না। কারণ আন্তর্জাতিক ক্রিকেটের চাপ নেওয়া সহজ নয়।”

ফলে অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ভারত ‘এ’-র ম্যাচগুলো হার্দিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। সেখানে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং করে নিজের ম্যাচ ফিটনেস প্রমাণ করতে পারলে জাতীয় দলের দরজা দ্রুত খুলে যেতে পারে। গম্ভীরও সেই ইঙ্গিত দিয়েছেন। তাঁর কথায়, “ভারত ‘এ’-র হয়ে খেলতে গিয়ে কোনও সমস্যা না হলে টি-টোয়েন্টি ও ওয়ানডে সেটআপে চলে আসবে হার্দিক।”

এদিকে আগামী দেড় মাস ভারতীয় ক্রিকেটে ব্যস্ত সূচি রয়েছে। বিশ্বের বিভিন্ন প্রান্তে একাধিক ভারতীয় দল একই সময়ে খেলবে। পাশাপাশি ভারত ‘এ’-র দলগুলোর ম্যাচ এবং ঘরোয়া ক্রিকেটের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাও রয়েছে। আগামী এক বছরের মধ্যে ওয়ানডে বিশ্বকাপ থাকায় এই ঠাসা সূচিকে আদর্শ পরিস্থিতি বলতে নারাজ গম্ভীর।

একদিকে ভারতের প্রথম সারির টি-টোয়েন্টি দল এশিয়ান গেমসে খেলবে। তার আগে ২২ সেপ্টেম্বর জাপানের বিরুদ্ধেও ম্যাচ রয়েছে। অন্যদিকে একই সময়ে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ খেলতে হবে ভারতকে। ফলে সেখানে তুলনামূলকভাবে নতুন মুখদের নিয়ে দল গড়তে হয়েছে নির্বাচকদের।

তবে এটিকে তরুণ ক্রিকেটারদের সামনে সুযোগ হিসেবেই দেখছেন গম্ভীর। তাঁর মতে, একাধিক দল একসঙ্গে খেলায় আকিব নবি, নমন ধীরদের মতো ক্রিকেটাররা নিজেদের প্রমাণ করার সুযোগ পাবেন। একই সঙ্গে বিশ্বকাপের আগে ভারতের বিকল্প ক্রিকেটারের সংখ্যাও বাড়বে।

আর হার্দিকের ক্ষেত্রে আপাতত একটাই বার্তা—জাতীয় দলে ফেরার দরজা খোলা রয়েছে, কিন্তু তার আগে ভারত ‘এ’-র জার্সিতে নিজের ম্যাচ ফিটনেস প্রমাণ করতে হবে।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More