সকাল সকাল ডেস্ক
কলকাতা
পশ্চিমবঙ্গে শিল্পায়নের গতি বাড়াতে কেন্দ্রের ‘ভব্য রসায়ন’ প্রকল্পের আওতায় একটি কেমিক্যাল পার্ক গড়ে তোলার প্রস্তাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি ও রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য। এই প্রকল্প বাস্তবায়নের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়ে তিনি সিঙ্গুরকে প্রথম পছন্দ হিসেবে উল্লেখ করেছেন। পাশাপাশি হলদিয়া, রঘুনাথপুর ও দুর্গাপুরকেও সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনার পরামর্শ দিয়েছেন।
২৮ জুলাই পাঠানো চিঠিতে শমীক ভট্টাচার্য জানান, ২৪ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভা ৩,০৩০ কোটি টাকার ‘ভব্য রসায়ন’ প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় দেশে তিনটি ডেডিকেটেড কেমিক্যাল পার্ক গড়ে তোলা হবে। প্রতিটি পার্কের জন্য কেন্দ্র ১,০০০ কোটি টাকা অনুদান দেবে। তবে সংশ্লিষ্ট রাজ্যকে অন্তত ৫০০ কোটি টাকা এবং প্রায় ২,০০০ একর জমির ব্যবস্থা করতে হবে।
চিঠিতে তিনি দাবি করেছেন, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রাথমিক বিনিয়োগের পাশাপাশি বিপুল পরিমাণ বেসরকারি পুঁজি পশ্চিমবঙ্গে আসবে। এর ফলে রাসায়নিক শিল্পের পাশাপাশি নির্মাণ, লজিস্টিক, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে কর্মসংস্থান বাড়বে। একই সঙ্গে বস্ত্র, ওষুধ, ইলেকট্রনিক্স, কৃষি ও অটোমোবাইল শিল্পও উপকৃত হবে। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও কমন এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়ে তোলার সুযোগও তৈরি হবে বলে উল্লেখ করেছেন তিনি।
শমীক ভট্টাচার্য রাজ্য সরকারকে দ্রুত একটি আন্তঃবিভাগীয় টাস্ক ফোর্স গঠন করে কেন্দ্রের কাছে প্রস্তাব পাঠানোর পরামর্শ দিয়েছেন। সিঙ্গুরের প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত করেছেন, এই ঐতিহাসিক শিল্পাঞ্চলে নতুন বিনিয়োগ এলে রাজ্যের শিল্পোন্নয়নে ইতিবাচক বার্তা যাবে।
চিঠির অনুলিপি রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্পমন্ত্রী তাপস রায় এবং শিল্প সচিবের কাছেও পাঠানো হয়েছে। এখন রাজ্য সরকার এই প্রস্তাব কতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে, সেদিকেই নজর রাজনৈতিক ও শিল্পমহলের।
No Comment! Be the first one.