সকাল সকাল ডেস্ক
কলকাতা
নিট-ইউজি প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনে অংশ নেওয়া ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলি প্রত্যাহারের পথে হাঁটছে পশ্চিমবঙ্গ সরকার। বিহার ও অসম সরকারের পদক্ষেপের পর এবার বাংলাতেও প্রকৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআর বাতিল এবং ধৃতদের মুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।
নিট আন্দোলন ঘিরে একাধিক রাজ্যে পুলিশি ধরপাকড়ের ঘটনায় সোমবার কেন্দ্রীয় সরকারের কাছে কড়া বার্তা দেয় ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, আন্দোলনকারী ছাত্রছাত্রীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং ধৃতদের নিঃশর্ত মুক্তি দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয়ের দেওয়া আশ্বাসের কথাও স্মরণ করিয়ে দেয় সংগঠনটি।
সিজেপি নেতৃত্ব অভিযোগ করে, পশ্চিমবঙ্গ, বিহার ও অসমে আন্দোলনকারীদের বিরুদ্ধে অযথা পুলিশি ব্যবস্থা নেওয়া হয়েছে। সংগঠনের নেতা অভিজিৎ দীপক জানান, গ্রেফতার হওয়া আন্দোলনকারীদের জন্য বিনামূল্যে আইনি সহায়তার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি মঙ্গলবারের মধ্যে ধৃতদের মুক্তি ও মামলা প্রত্যাহার না হলে দেশজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়।
এর কিছুক্ষণের মধ্যেই প্রথমে বিহার সরকার আন্দোলনকারীদের মুক্তির সিদ্ধান্ত ঘোষণা করে। পরে অসম সরকারও বিজ্ঞপ্তি জারি করে জানায়, নিট আন্দোলন সংক্রান্ত পাঁচটি মামলায় গ্রেফতার হওয়া ১৩ জনকে মুক্তি দেওয়া হবে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রশাসনিক নির্দেশিকাও প্রকাশ করা হয়।
কলকাতায় গত শুক্রবার ধর্মতলায় নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে আয়োজিত মিছিল ঘিরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ চলাকালীন ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগ ওঠে এবং কয়েকজন সংবাদকর্মীও আক্রান্ত হন। এই ঘটনায় সোমবার পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ।
ঘটনার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, মিছিলে বাইরে থেকে কিছু দুষ্কৃতী ঢুকে অশান্তি সৃষ্টি করেছিল। তদন্তে পুলিশ এমন অন্তত ৭০ জনকে চিহ্নিত করেছে, যাঁদের সঙ্গে ছাত্র আন্দোলনের কোনও সম্পর্ক নেই বলে দাবি করা হয়েছে।
সরকারি সূত্রের খবর, প্রকৃত ছাত্র আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হলেও, সাংবাদিক নিগ্রহ ও ভাঙচুর সংক্রান্ত অভিযোগে দায়ের হওয়া মামলাগুলি যথারীতি চলবে। তবে সংশ্লিষ্ট অভিযুক্তদের অযথা হেফাজতে না রেখে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করা হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
No Comment! Be the first one.