সকাল সকাল ডেস্ক
সিয়াটল : ফের বন্দুকবাজের হামলায় রক্তাক্ত হল মার্কিন যুক্তরাষ্ট্র। সিয়াটল শহরের বিখ্যাত স্পেস নিডল-এর অদূরে অনুষ্ঠিত জনপ্রিয় খাদ্য উৎসব ‘বাইট অব সিয়াটল’-এ গুলিবর্ষণের ঘটনায় অন্তত তিনজন নিহত এবং চারজন আহত হয়েছেন। স্থানীয় পুলিশ এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয়।
সিয়াটল পুলিশ বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানিয়েছে, সিয়াটল সেন্টারে গুলিবর্ষণের ঘটনায় একাধিক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তদন্ত চলছে এবং নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
স্থানীয় সময় রবিবার সন্ধ্যা প্রায় ৬টা নাগাদ উৎসব চলাকালীন হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরপর সাত থেকে আটটি গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই উৎসবস্থলে হুড়োহুড়ি ও পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়। আহতদের দ্রুত উদ্ধার করে হারবারভিউ মেডিকেল সেন্টার-এ ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় সিয়াটল সেন্টারে শতাধিক খাদ্য স্টল, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সরাসরি সঙ্গীত পরিবেশন চলছিল। ফলে সেখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে গুলির শব্দ শোনার পর মানুষের প্রাণভয়ে দৌড়ে পালানোর দৃশ্য দেখা গেলেও, ওই ভিডিওগুলির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
প্রত্যক্ষদর্শী এস্টান ওয়াকোনাবো জানান, গুলির শব্দ শোনামাত্রই চারদিকে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং আতঙ্কিত মানুষ একে অপরকে ধাক্কা দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে ফিরে তিনি একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে মাটিতে পড়ে থাকতে দেখেন। তাঁদের মধ্যে একজনের দেহ হলুদ চাদরে ঢাকা ছিল বলে তিনি জানান।
পুলিশ জানিয়েছে, ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। হামলায় একাধিক বন্দুকধারী জড়িত ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ‘বাইট অব সিয়াটল’ ১৯৮২ সাল থেকে আয়োজিত হয়ে আসছে। তিন দিনব্যাপী এই জনপ্রিয় খাদ্য উৎসবে প্রতি বছর প্রায় সাড়ে তিন লক্ষ মানুষ অংশ নেন। এবারের উৎসবে ঘটে যাওয়া এই গুলিবর্ষণের ঘটনায় যুক্তরাষ্ট্রে জনসমাগমস্থলের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
No Comment! Be the first one.