টিকা নিতে অনীহা, ৩৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব

সকাল সকাল ডেস্ক

ওয়াশিংটন: যুক্তরাষ্ট্রে গত ৩৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, টিকা নেওয়ার প্রবণতা কমে যাওয়া এবং টিকাবিরোধী মনোভাব বৃদ্ধির কারণেই পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, ২০২৬ সালের শুরু থেকে এ পর্যন্ত দেশে হাজার ৩১৮টি হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। এই সংখ্যা ইতিমধ্যেই ২০২৫ সালের মোট সংক্রমণকে ছাড়িয়ে গেছে। গত বছর ২ হাজার ২৮৯ জন আক্রান্ত হয়েছিলেন এবং দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছিল।

আমেরিকান একাডেমি অব পেডিয়াট্রিকস-এর সভাপতি ডা. অ্যান্ড্রু রেসিন বলেন, এই পরিস্থিতি পুরোপুরি প্রতিরোধযোগ্য ছিল। তাঁর মতে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা এবং এটিকে কোনওভাবেই স্বাভাবিক পরিস্থিতি হিসেবে মেনে নেওয়া উচিত নয়।

হাম একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। সাধারণত জ্বর, কাশি, সর্দি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে ফুসকুড়ি এর প্রধান উপসর্গ। তবে গুরুতর ক্ষেত্রে নিউমোনিয়া, মস্তিষ্কে প্রদাহ (এনসেফালাইটিস), স্থায়ী শারীরিক জটিলতা এমনকি মৃত্যুও হতে পারে।

টিকাদান কর্মসূচির সাফল্যের ফলে ২০০০ সালে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল হয়েছে বলে ঘোষণা করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে টিকাদানের হার কমে যাওয়া এবং জনস্বাস্থ্য ব্যবস্থার প্রতি মানুষের আস্থা হ্রাস পাওয়ায় রোগটি আবার দ্রুত ছড়িয়ে পড়ছে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের চেয়েও বেশি হতে পারে। সাউথ ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয়ের মহামারি বিশেষজ্ঞ অধ্যাপক মেলিসা নোলান বলেন, অনেক সংক্রমণ শনাক্তই হচ্ছে না। তাঁর দাবি, যেসব পরিবার শিশুদের টিকা দিতে অনীহা দেখায়, তারা অনেক ক্ষেত্রেই চিকিৎসা গ্রহণেও পিছিয়ে থাকে।

চলতি বছরে সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা নথিভুক্ত হয়েছে। বিশেষজ্ঞদের মতে, কোভিড-১৯ মহামারির পর টিকা নিয়ে ভুল তথ্যের বিস্তার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার ফলে টিকাদান নিয়ে অনীহা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

যুক্তরাষ্ট্রে শিশুদের জন্য হামের টিকা বাধ্যতামূলক হলেও অনেক অঙ্গরাজ্যে ধর্মীয় বা ব্যক্তিগত বিশ্বাসের ভিত্তিতে এই বাধ্যবাধকতা থেকে অব্যাহতি নেওয়ার সুযোগ রয়েছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই সুযোগের অপব্যবহারও সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।

২০২৫ সালের সেপ্টেম্বরে ওয়াশিংটন পোস্ট এবং অলাভজনক সংস্থা কেএফএফ-এর যৌথ সমীক্ষায় দেখা যায়, প্রতি ছয়জন মার্কিন অভিভাবকের মধ্যে একজন পার্শ্বপ্রতিক্রিয়ার আশঙ্কা বা জনস্বাস্থ্য কর্তৃপক্ষের প্রতি আস্থার অভাবের কারণে সন্তানদের টিকা দিতে দেরি করেন বা টিকা দিতে চান না। শ্বেতাঙ্গ এবং রক্ষণশীল জনগোষ্ঠীর মধ্যে এই প্রবণতা তুলনামূলকভাবে বেশি।

মহামারি বিশেষজ্ঞদের সতর্কবার্তা, বর্তমান হামের প্রাদুর্ভাব ভবিষ্যতে আরও বড় জনস্বাস্থ্য সংকটের ইঙ্গিত হতে পারে। তাঁদের আশঙ্কা, টিকার মাধ্যমে প্রতিরোধযোগ্য অন্যান্য সংক্রামক রোগ, বিশেষ করে হুপিং কাশি, আগামী দিনগুলোতে আরও বেশি ছড়িয়ে পড়তে পারে।

Read More News

Read More