সকাল সকাল ডেস্ক
ইসলামাবাদ: আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের ঊর্ধ্বগতি এবং মধ্যপ্রাচ্যে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে পাকিস্তানের জ্বালানি বাজারে। সরকার পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের (এইচএসডি) দাম উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা করেছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে নতুন দাম কার্যকর হয়েছে। এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহণ ব্যয় ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা।
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতি লিটার পেট্রোলের দাম ৬.৩৯ পাকিস্তানি রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ৭.৮৩ পাকিস্তানি রুপি বৃদ্ধি করা হয়েছে। নতুন দামে এক লিটার পেট্রোলের মূল্য দাঁড়িয়েছে ৩২৭.১২ পাকিস্তানি রুপি। অন্যদিকে, হাই-স্পিড ডিজেলের দাম বেড়ে হয়েছে প্রতি লিটার ৩৭৫.০৪ পাকিস্তানি রুপি।
পাকিস্তানের পেট্রোলিয়াম ডিভিশনের দাবি, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামের অস্থিরতা এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে চলমান উত্তেজনার কারণে এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে ইরানকে ঘিরে বাড়তে থাকা সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানির দামে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে দেশের অভ্যন্তরীণ বাজারে।
এদিকে, জ্বালানির মূল্য নির্ধারণ পদ্ধতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন অল পাকিস্তান পেট্রোলিয়াম পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন (এপিপিপিওএ)। সংগঠনটি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেও, পেট্রোলিয়াম মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আপাতত দুই সপ্তাহের জন্য সেই কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
সম্প্রতি পাকিস্তান সরকার ঘোষণা করেছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন থেকে প্রতিদিন পেট্রোল ও ডিজেলের দাম নির্ধারণ করা হবে। এতদিন প্রতি সপ্তাহে একবার নতুন দাম ঘোষণা করা হতো। পেট্রোলিয়ামমন্ত্রী আলি পারভেজ মালিক জানিয়েছেন, মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রীর অনুমোদনেই এই নতুন ব্যবস্থা চালু হচ্ছে। অয়েল অ্যান্ড গ্যাস রেগুলেটরি অথরিটি (ওজিআরএ) প্রতিদিন আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি পর্যালোচনা করে নতুন মূল্য নির্ধারণ করবে।
তবে সরকারের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে অল পাকিস্তান ডিলার্স অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, প্রতিদিন দাম পরিবর্তনের ফলে ব্যবসায়ী এবং সাধারণ ভোক্তা উভয়ই সমস্যায় পড়বেন। সংগঠনটি জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, পেট্রোলের দাম বাড়লে ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল, অটোরিকশা ও ছোট যানবাহনের ব্যবহারকারীদের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে। অন্যদিকে ডিজেলের মূল্যবৃদ্ধির প্রভাব আরও বিস্তৃত। কারণ ট্রাক, বাস, মালবাহী যান, বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং বড় জেনারেটরে মূলত ডিজেল ব্যবহৃত হয়। ফলে পরিবহণ ব্যয় বৃদ্ধি পেলে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়তে পারে।
উল্লেখ্য, চলতি বছরের এপ্রিল মাসে পাকিস্তানে এক লিটার ডিজেলের দাম ৫২০.৩৫ পাকিস্তানি রুপি এবং পেট্রোলের দাম ৪৫৮.৪১ পাকিস্তানি রুপিতে পৌঁছেছিল। পরে আন্তর্জাতিক বাজারে কিছুটা স্থিতিশীলতা আসায় দাম কমলেও, সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকটের জেরে আবারও জ্বালানির মূল্যবৃদ্ধি ঘটল। এখন আন্তর্জাতিক তেলের বাজারের গতিপ্রকৃতির ওপরই পাকিস্তানে জ্বালানির দামের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করবে।
No Comment! Be the first one.