মাঠে ড্র, ড্রেসিংরুমে বার্তা! লস অ্যাঞ্জেলেসে ভাইরাল ইরানের ‘শান্তির নোট’

সকাল সকাল ডেস্ক

লস এঞ্জেলস

বিশ্বকাপ মানেই শুধু ফুটবলের লড়াই নয়, কখনও কখনও তা হয়ে ওঠে আবেগ, পরিচয় এবং মানবিক বার্তা পৌঁছে দেওয়ার মঞ্চও। চলতি বিশ্বকাপে ঠিক তেমনই এক নজির গড়ল ইরান। বেলজিয়ামের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে ইরানি ফুটবলারদের রেখে যাওয়া একটি হাতে লেখা নোট। লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামের ড্রেসিংরুমে রেখে যাওয়া সেই বার্তা এখন সামাজিক মাধ্যমে ভাইরাল।

ম্যাচ শেষে ড্রেসিংরুম পরিষ্কার করে একটি সাদা কাগজে নিজেদের অনুভূতি লিখে যান ইরানের ফুটবলাররা। সেখানে লেখা ছিল, “হাজার বছরের প্রাচীন পারস্য থেকে আজকের আধুনিক ইরান—ইরানের আত্মা এখনও অটুট। আমরা গর্ব নিয়ে লস অ্যাঞ্জেলেসে এসেছিলাম, সম্মানের সঙ্গে খেলেছি এবং মর্যাদা নিয়েই ফিরছি।”

শুধু নিজেদের গর্বের কথাই নয়, সমর্থকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে দল। নোটে উল্লেখ করা হয়েছে, “যাঁরা ১৮০ মিনিট ধরে নিজেদের হৃদয়, কণ্ঠস্বর ও আত্মা উজাড় করে ইরানকে সমর্থন করেছেন, তাঁদের ধন্যবাদ।” তবে সবচেয়ে বেশি সাড়া ফেলেছে শেষের বার্তাটি—“সমস্ত দেশের মধ্যে শান্তি, পারস্পরিক সম্মান ও বন্ধুত্ব বিরাজ করুক।”

এই শান্তির আহ্বানের মধ্যেই ছিল এক নীরব প্রতিবাদও। নোটে ব্যবহৃত দুটি হ্যাশট্যাগ—#168 এবং #Minab—নিয়ে শুরু হয়েছে আলোচনা। জানা যাচ্ছে, সাম্প্রতিক সংঘাতের আবহে ইরানের মিনাব শহরের একটি স্কুলে বোমা হামলায় নিহত শিশুদের স্মরণ করতেই এই হ্যাশট্যাগ ব্যবহার করা হয়েছে। কোনও সরাসরি রাজনৈতিক বক্তব্য না রেখেও ইরানি ফুটবলাররা বিশ্বমঞ্চে মানবিক এক বার্তা তুলে ধরেছেন।

চলতি বিশ্বকাপে মাঠের বাইরেও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছে ইরান। মার্কিন অভিবাসন নীতির কারণে দলকে যুক্তরাষ্ট্রে দীর্ঘ সময় অবস্থানের অনুমতি দেওয়া হয়নি। ফলে তাদের পরিকল্পিত বেস ক্যাম্প সরিয়ে নিতে হয় মেক্সিকোর তিজুয়ানায়। সেখান থেকে নিয়মিত বিমানযাত্রা করে ম্যাচ খেলতে আসতে হচ্ছে ফুটবলারদের। ভিসা জটিলতার কারণে কয়েকজন কর্মকর্তা ও সাপোর্ট স্টাফও দলের সঙ্গে যোগ দিতে পারেননি।

বেলজিয়াম ম্যাচের পর ইরানের কোচ আমির ঘালিনোই বলেন, অন্য অনেক দলের তুলনায় অনেক বেশি প্রতিকূল পরিস্থিতিতে খেলতে হচ্ছে তাঁদের। এমনকি তিনি ইরানকে “এই বিশ্বকাপের সবচেয়ে বঞ্চিত দল” বলেও উল্লেখ করেন।

তবে মাঠে সেই প্রতিকূলতার কোনও প্রভাব পড়তে দেননি ইরানের ফুটবলাররা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২-২ ড্র এবং বেলজিয়ামের বিরুদ্ধে ০-০ ফল করে তারা এখনও নকআউটের লড়াইয়ে টিকে রয়েছে। এবার সামনে মিশর। সেই ম্যাচে জয় পেলে ইতিহাস গড়ে পরের পর্বে পৌঁছতে পারে ইরান।

ফল যাই হোক, সোফাই স্টেডিয়ামের ড্রেসিংরুমে রেখে যাওয়া একটি ছোট্ট নোট ইতিমধ্যেই প্রমাণ করে দিয়েছে—ফুটবল কখনও কখনও শুধু খেলা নয়, মানবতারও ভাষা।

গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি

নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...

November 24, 2025

Read More News

Read More