৪ লক্ষ ৩৮ হাজার কোটির রাজ্য বাজেট পেশ পশ্চিমবঙ্গ বিধানসভায়

সকাল সকাল ডেস্ক।

কলকাতা: সোমবার রাজ্য সরকারের পূর্ণাঙ্গ বাজেট পেশ হলো পশ্চিমবঙ্গ বিধানসভায়। ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য মোট ৪ লক্ষ ৩৮ হাজার ৭৭৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বাজেটে। দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামোয় জোর দিয়েছে রাজ্য সরকার। বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গঠন করা আমাদের দৃষ্টিভঙ্গির মূল স্তম্ভ। রাজ্যের জনগণের আস্থা পুনরুদ্ধার করতে হবে আমাদের। রাজ্য সরকার নাগরিকদের কাছে পৌঁছোতে ‘আপনার সরকার, আপনার পাশে’ নামে একটি নতুন উদ্যোগ নিয়েছে।

অর্থমন্ত্রী এও বলেন, রাজ্যে চালু থাকা সকল সামাজিক সুরক্ষা প্রকল্প অব্যাহত থাকবে। তিনি বলেন, সরকারি প্রকল্পের সুবিধা যাতে সকলের কাছে পৌঁছয়, তা দেখার চেষ্টা করা হবে। সরকারি প্রকল্পের সুবিধা সমাজের সবচেয়ে দুর্বল শ্রেণির কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে। এই প্রকল্পগুলির প্রয়োজনীয় পরিবর্তন ঘটাতে হবে। পাশাপাশি, কেন্দ্রের আর্থিক সাহায্য এবং সংস্কারের হাত ধরে রাজ্যের ঋণের অঙ্ক কমিয়ে আয়ের পথে হাঁটা হবে। রাজ্যে মোট ঋণ রয়েছে ৮ লক্ষ ১৫ হাজার ৮৯১ কোটি টাকার। ঘোষণা করলেন অর্থমন্ত্রী।

এদিন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর পেশ করা রাজ্য বাজেটের অন্যতম ঘোষণাগুলি :

রাজ্য সরকারি ১ লক্ষ শূন্যপদে নিয়োগ। ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষণ। পুলিশে ২০ হাজার নিয়োগ। ৫০ হাজার শিক্ষক নিয়োগের প্রস্তাব। আগামী দু’বছর বয়সের ক্ষেত্রে বাড়তি ছাড়।

২১ থেকে ৪৫ বছর বয়সি যোগ্য-শিক্ষিত বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়ার জন্য অক্টোবর থেকে ভরসা কর্মসূচি চালু হবে। এই প্রকল্পে স্নাতক বেকারদের জন্য মাসে ৩ হাজার টাকা এবং অন্যদের মাসে ২ হাজার টাকা ভাতা দেওয়া হবে। যে পরিবারের আয় এক লক্ষ টাকার কম এবং যাঁরা অন্য কোনও সামাজিক প্রকল্পের সুবিধা পাচ্ছেন না, তাঁদের জন্য এটি প্রযোজ্য হবে।

বিধায়ক তহবিলে অর্থের পরিমাণ ৭০ লক্ষ থেকে বেড়ে ১ কোটি, বাজেটে ঘোষণা অর্থমন্ত্রীর।

নারী ক্ষমতায়নে বিশেষ জোর। অন্নপূর্ণা যোজনায় ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ। ২৫ থেকে ৬০ বছরের মহিলারা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন টাকা। মহিলাদের বিনামূল্যে বাস পরিষেবার জন্য বরাদ্দ করা হচ্ছে ৫৫০ কোটি টাকা। এই উদ্দেশ্যে শীঘ্রই পিঙ্ক কার্ড চালু করা হবে বলে ঘোষণা করেন অর্থমন্ত্রী।

স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে চুক্তিভিত্তিক কন্ডাক্টরদের পারিশ্রমিক বৃদ্ধি করে মাসে ১৬ হাজার টাকা করা হবে। সিভিক ভলান্টিয়ার, ভিলেজ পুলিশ ও গ্রিন পুলিশের পারিশ্রমিক মাসিক ২ হাজার টাকা বৃদ্ধি। এনভিএফ কর্মী, প্রাণীবন্ধু, প্রাণীমিত্রদের পারিশ্রমিক ২ হাজার টাকা বৃদ্ধি। আগস্ট থেকে মিলবে বাড়তি টাকা। অঙ্গনওয়াড়ি ও আশাকর্মীদের মাসিক ৫ হাজার টাকা বেতন বৃদ্ধির ঘোষণা অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তর। বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষমদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বৃদ্ধির ঘোষণা করা হল বাজেটে। অবসরপ্রাপ্ত সাংবাদিকদের ৫ হাজার টাকা পেনশন।

সরকারি কর্মচারীদের জন্য ২০ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ঘোষণা করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী ১ অক্টোবর থেকে এটি কার্যকর হবে বলে জানান তিনি। এত দিন সরকারি কর্মীরা ১৮ শতাংশ হারে ডিএ পেতেন। নতুন ঘোষণা কার্যকর হলে বর্ধিত হারে সব মিলিয়ে ৩৮ শতাংশ ডিএ পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। এই ঘোষণার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক রইল ২২ শতাংশ। অর্থমন্ত্রীর ঘোষণায় খুশি সরকারি কর্মীরা। ১২৫ দিনের জি রাম জি-তে ১৪ হাজার কোটি বরাদ্দ বৃদ্ধি।

শহরাঞ্চলে বাড়ছে আরও ৪টি মা আহার কেন্দ্র। ৫ টাকায় মিলবে মাছ-ভাত। এছাড়া, রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাথাপিছু দৈনিক খাবারের জন্য টাকা বাড়ানো হল। সোমবার রাজ্য বাজেটে সেটি বাড়িয়ে দৈনিক ১১০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। পাশাপাশি, বাড়ছে প্রাথমিক স্কুলে মিড ডে মিল উপকরণের ব্যয় বরাদ্দ। বাজেট ভাষণে প্রস্তাব পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। প্রাথমিক স্কুলে মিড ডে মিলের উপকরণের খরচ ১০ টাকা করা হবে। এতদিন মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ প্রায় ৬ টাকা ৭৮ পয়সা। উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে ৮ টাকা ১৭ পয়সার কাছাকাছি। এছাড়়াও কলকাতা পুরসভা এলাকায় স্কুলে স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এই উদ্যোগে ইসকনের সহযোগিতা নেবে রাজ্য সরকার। কলকাতা পুরসভা এলাকায় স্কুলে স্কুলে পুষ্টিকর রান্না করে মিড ডে মিল পৌঁছে দেবে ইসকন।

Read More News

Read More