সকাল সকাল ডেস্ক
কলকাতা
লিওনেল মেসির সম্ভাব্য ভারত সফরকে ঘিরে ওঠা বিতর্কে অবশেষে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা দিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। বৃহস্পতিবার সকালে তিনি থানায় পৌঁছে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হন। জিজ্ঞাসাবাদ শেষে বেরিয়ে এসে তিনি সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান, তদন্তাধীন বিষয় নিয়ে প্রকাশ্যে কিছু বলতে চান না, তবে শেষ পর্যন্ত সত্যেরই জয় হবে বলে তাঁর দৃঢ় বিশ্বাস।
থানা থেকে বেরোনোর পর সরাসরি বাড়ি না ফিরে অরূপ বিশ্বাসকে কলকাতার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়। আলিপুরে গিয়ে তিনি নিজের আইনজীবীদের সঙ্গেও বৈঠক করেন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, মামলার বিষয়ে যা বলার তা আদালতেই বলবেন। একই সঙ্গে তিনি নিশ্চিত করেন, আগামী ২২ জুন আবারও তদন্তের স্বার্থে পুলিশি তলবে হাজির হবেন।
গত বছরের ডিসেম্বর মাস থেকে মেসির সম্ভাব্য সফর নিয়ে রাজ্য রাজনীতি ও ক্রীড়ামহলে ব্যাপক আলোচনা শুরু হয়। সরকার পরিবর্তনের পর সফরের অন্যতম উদ্যোক্তা শতদ্রু দত্ত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ অনুযায়ী, যুবভারতী ক্রীড়াঙ্গনে অনুষ্ঠানের জন্য তৈরি ৭০ হাজার টিকিটের মধ্যে প্রায় ২২ হাজার টিকিট তৎকালীন মন্ত্রী নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। পরবর্তীতে সেই টিকিটগুলির একটি অংশ বেশি দামে বিক্রি করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে।
শুধু টিকিট বিতর্কই নয়, মেসির সফরকে ঘিরে আন্তর্জাতিক নিরাপত্তা প্রোটোকল যথাযথভাবে মানা হয়নি বলেও অভিযোগ রয়েছে। এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে বিধাননগর পুলিশ।
এর আগে তিনবার নোটিস পাঠানো হলেও অরূপ বিশ্বাস হাজিরা দেননি। তবে কলকাতা হাইকোর্ট থেকে তিনি অন্তর্বর্তী আইনি সুরক্ষা পেয়েছেন। আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না। যদিও তদন্তে পূর্ণ সহযোগিতা করার নির্দেশও দিয়েছে আদালত।অবশেষে বৃহস্পতিবার সকাল ৯টা ৫৫ মিনিটে তিনি থানায় পৌঁছন। আগে থেকেই তাঁর হাজিরার সম্ভাবনার খবর ছড়িয়ে পড়ায় থানার সামনে কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছিল। সেই নিরাপত্তা বলয়ের মধ্যেই দীর্ঘক্ষণ ধরে চলে তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ।
No Comment! Be the first one.