সকাল সকাল ডেস্ক
কলকাতা
রাজ্যে এবার সাড়ম্বরে পালিত হতে চলেছে আন্তর্জাতিক যোগ দিবস। নতুন সরকার গঠনের পর কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে ১৯ থেকে ২১ জুন পর্যন্ত তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই কর্মসূচির বিস্তারিত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে ২১ জুন কলকাতার রেড রোডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে বৃহৎ যোগাভ্যাস কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উৎসবের সূচনা হবে ১৯ জুন ‘রান ফর যোগা’ ম্যারাথনের মাধ্যমে। কলকাতায় এই দৌড়ের মূল কেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়েছে কলকাতা পুরনিগম সংলগ্ন এলাকা। পুরনিগমের সামনে থেকে শুরু হয়ে মহাকরণ পর্যন্ত চলবে ম্যারাথন। পাশাপাশি শহরের আরও ১১টি গুরুত্বপূর্ণ স্থান এবং রাজ্যের বিভিন্ন জেলায় একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মুখ্যমন্ত্রী জানান, শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে অংশগ্রহণকারীরা সমবেত হবেন এবং সকাল ৭টায় আনুষ্ঠানিকভাবে ম্যারাথন শুরু হবে। ইতিমধ্যেই বিপুল সংখ্যক মানুষ নাম নথিভুক্ত করেছেন বলেও তিনি জানান। একই সঙ্গে সকলকে স্বাস্থ্যবিধি মেনে অংশগ্রহণের আহ্বান জানান।
২০ জুন পালিত হবে পশ্চিমবঙ্গ দিবস। এই উপলক্ষে গঙ্গাবক্ষে এক বিশেষ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করেছে রাজ্য সরকার। বিকেল সাড়ে ৫টায় শুরু হবে ‘বন্দে যোগম’ নামে এক অভিনব যোগাভ্যাস কার্নিভাল। আধুনিক প্রযুক্তির ব্যবহারে গঙ্গার দুই তীরজুড়ে আধ্যাত্মিক ও মনোরম পরিবেশ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।
২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠান হবে কলকাতার ঐতিহাসিক রেড রোডে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে উপস্থিত থেকে যোগাভ্যাসে অংশ নেবেন। তাঁর সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। সকাল ৬টা ১৫ মিনিট থেকে সাধারণ মানুষের প্রবেশ শুরু হবে এবং সকাল ৬টা ৪৫ মিনিটে মূল কর্মসূচি শুরু হবে।
এই উপলক্ষে মুখ্যমন্ত্রী নাগরিকদের উদ্দেশে আবেদন জানিয়ে বলেন, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব কলকাতার মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানো হোক। তিনি সকলকে নিজ নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানান।
No Comment! Be the first one.