সকাল সকাল ডেস্ক
শেফালী মাহাতো, পুরুলিয়া:
আগামী ২১শে জুন আন্তর্জাতিক যোগ দিবস। তার আগেই পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক অনন্য উদ্যোগ লক্ষ্য করা গেল সমগ্র জেলা জুড়ে। জেলার প্রতিটি থানায় আজ বিশেষ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো যোগা যোগ শিবির।
প্রত্যেকদিনের ব্যস্ততা এবং মানসিক চাপ থেকে মুক্ত থাকতে এবং শরীর ও মনকে সুস্থ রাখার বার্তা দিতেই এই শিবিরের আয়োজন করা হয়। পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বেলগুমা পুলিশ লাইনে এবং প্রতিটি থানা প্রাঙ্গণে এদিন সকাল থেকেই ছিল সাজো সাজো রব।
বেলগুমা পুলিশ লাইনের যোগা ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উচ্চ পদার্থের আধিকারিকেরা ও জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিক । পাশাপাশি বিভিন্ন থানায় অনুষ্ঠিত শিবিরে সংশ্লিষ্ট থানার আইসি (IC) বা ওসি (OC) সহ পুলিশ আধিকারিকরা নিজে উপস্থিত থেকে যোগাভ্যাস করেন।
আধিকারিকদের পাশাপাশি থানার সমস্ত স্তরের পুলিশ কর্মী, সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য কর্মীরাও এই শিবিরে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিশেষজ্ঞ যোগ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে এই ক্যাম্পগুলি পরিচালিত হয়। শিবিরের শুরুতেই প্রাণায়াম, ধ্যান এবং বিভিন্ন ধরনের সহজ কিন্তু কার্যকরী আসন (যেমন—সূর্য নমস্কার, তাঢ়াসন, কপালভাতি ইত্যাদি) অভ্যাস করানো হয়। বর্তমান যুগের কর্মব্যস্ত জীবনে পুলিশের মতো একটি কঠিন ও ২৪ ঘণ্টার ডিউটি যারা করেন, তাদের ক্ষেত্রে যোগব্যায়াম কতটা জরুরি—সে বিষয়ে আলোকপাত করেন প্রশিক্ষকরা।
পুরুলিয়া জেলা পুলিশের এই স্বাস্থ্য সচেতনতামূলক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। সুস্থ শরীর ও সতেজ মন নিয়ে পুলিশ কর্মীরা যাতে আরও ভালোভাবে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারেন, এটাই এই শিবিরের মূল উদ্দেশ্য।
No Comment! Be the first one.