সকাল সকাল ডেস্ক
কলকাতা, ১৭ জুন : দক্ষিণ ২৪ পরগনার ফলতায় ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনা নিয়ে অত্যন্ত কড়া অবস্থান নিলেন মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুলিশ, সরকারি কর্মচারী এবং আধা-সামরিক বাহিনীর ওপর হামলাকারীদের কোনও অবস্থাতেই রেয়াত করা হবে না। বুধবার ফলতায় আয়োজিত একটি জনসভা থেকে তিনি প্রশাসনের উদ্দেশ্যে নির্দেশ দেন, এই ঘটনায় জড়িত সমস্ত অপরাধীদের বিরুদ্ধে যেন কঠোরতম আইনি পদক্ষেপ নেওয়া হয়।
মুখ্যমন্ত্রী জানান, ভিডিও ফুটেজ দেখে যাদের শনাক্ত করা গেছে, তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার দেশবিরোধী কার্যকলাপ সংক্রান্ত ধারায় মামলা রুজু করতে হবে। জেলা পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে তিনি বলেন, এমন পদক্ষেপ নিতে হবে যাতে ভবিষ্যতে আর কেউ পুলিশ, সরকারি কর্মী বা আধা-সামরিক বাহিনীর ওপর চড়াও হওয়ার সাহস না পায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, শুধু জেলে পাঠানোই যথেষ্ট নয়, হামলায় জড়িতদের সম্পত্তিও বাজেয়াপ্ত করে তা নিলাম করা হবে। রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা করা সরকারের মূল অগ্রাধিকার এবং এই বিষয়ে কোনও রকম শিথিলতা দেখানো হবে না।
উল্লেখ্য, গত মঙ্গলবার ফলতায় জাহাঙ্গীর খানের মুক্তির দাবিতে স্থানীয় বাসিন্দাদের একটি অংশ বিক্ষোভ দেখায়, যার নেতৃত্ব দিচ্ছিলেন জাহাঙ্গীরের স্ত্রী। সেই বিক্ষোভ চলাকালীনই পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
শুভেন্দু অধিকারী বলেন, ঘটনার সময় তিনি কার্শিয়াঙে ছিলেন এবং টেলিভিশনে পুরো ঘটনাটি দেখেছেন। তিনি অভিযোগ করেন, এক মাফিয়ার স্ত্রীর নেতৃত্বে কিছু মানুষ পুলিশ ও আধা-সামরিক বাহিনীর ওপর হামলা চালানোর চেষ্টা করেছিল। তিনি সাফ জানান, ফলতাতেও আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে এবং সে যতই বড় মাফিয়া হোক না কেন, বিজেপি সরকার তাকে যোগ্য শিক্ষা দিয়ে ছাড়বে। রাজ্যে কোনও ধরনের গুন্ডাগিরি, জমি দখল বা ‘মব জাস্টিস’ (জনতার বিচার) মেনে নেওয়া হবে না জানিয়ে তিনি সাধারণ মানুষের কাছে আবেদন করেন, কেউ যেন আইন নিজের হাতে না তুলে নেন। কারণ, আইনভঙ্গকারীদের বিরুদ্ধে সরকার কঠোরতম ব্যবস্থা নেবে এবং কোনও দোষী পার পাবে না।
গাভাইয়ের উত্তরসূরি সূর্য কান্ত, শপথ নিলেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি
নয়াদিল্লি : সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে শপথ নিলেন বিচারপতি সূর্য কান্ত। বিদায়ী প্রধান...
No Comment! Be the first one.