স্বপনের হাতে অর্থ, দীপকের কাঁধে শিক্ষা, চূড়ান্ত বিজেপি সরকারের দফতর বণ্টন

সকাল সকাল ডেস্ক

কলকাতা, ১০ জুন : পশ্চিমবঙ্গে প্রথম বিজেপি সরকারের মন্ত্রিসভার সম্প্রসারণ ও দফতর বণ্টন নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। গত ১ জুন রাজ্যপাল আর.এন. রবির উপস্থিতিতে শপথ নেওয়া মন্ত্রীদের দায়িত্ব বণ্টনের তালিকা বুধবার প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় বর্তমানে মোট ৪১ জন সদস্য রয়েছেন। নতুন দফতর বণ্টনে আঞ্চলিক ভারসাম্য, সামাজিক প্রতিনিধিত্ব এবং নারী অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বলে রাজনৈতিক মহলের অভিমত।

মন্ত্রিসভায় উত্তরবঙ্গের প্রতিনিধিত্ব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। মোট ১০ জন মন্ত্রী উত্তরবঙ্গ থেকে উঠে এসেছেন, যা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পাশাপাশি অগ্নিমিত্রা পাল ও মালতি রাভা রায়ের মতো মহিলা নেত্রীদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বরাষ্ট্র, ভূমি ও ভূমি রাজস্ব, বিদ্যুৎ, তথ্য ও সংস্কৃতি-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতর নিজের কাছেই রেখেছেন। অর্থ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে বিশিষ্ট বুদ্ধিজীবী ও রাজনীতিক স্বপন দাশগুপ্তকে। শিক্ষা ক্ষেত্রে বড় দায়িত্ব পেয়েছেন দীপক বর্মন। তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে স্কুল শিক্ষা, আবাসন এবং ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতর। অন্যদিকে উচ্চশিক্ষা দফতরের দায়িত্ব সামলাবেন জগন্নাথ চট্টোপাধ্যায়।

পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং কৃষি বিপণন দফতরের দায়িত্ব পেয়েছেন দিলীপ ঘোষ। অগ্নিমিত্রা পালের হাতে গিয়েছে পুর ও নগরোন্নয়ন দফতর, আর তাপস রায় পেয়েছেন শিল্প ও বাণিজ্য দফতরের দায়িত্ব। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে শ্বারদত মুখোপাধ্যায়কে। পরিবেশ ও বন দফতরের দায়িত্বে রয়েছেন মনোজকুমার ওরাওঁ।

এছাড়া উত্তরবঙ্গ উন্নয়ন ও জলসম্পদ তদন্ত ও উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন নিশীথ প্রামাণিক। আদিবাসী কল্যাণ এবং সংখ্যালঘু ও মাদ্রাসা শিক্ষা দফতরের দায়িত্বে রয়েছেন ক্ষুদিরাম টুডু। কৃষি দফতরের দায়িত্ব দেওয়া হয়েছে দুধকুমার মণ্ডলকে, আর তথ্যপ্রযুক্তি ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের দায়িত্ব সামলাবেন কল্যাণ চক্রবর্তী।

স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে মালতি রাভা রায় পেয়েছেন নারী ও শিশু কল্যাণ দফতর। রাজেশ মাহাতোর হাতে গিয়েছে মৎস্য দফতর এবং ইন্দ্রনীল খাঁ পেয়েছেন ক্রীড়া ও ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব।

এছাড়া ১৯ জন প্রতিমন্ত্রীকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দফতরে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে আনন্দময় বর্মন অর্থ ও পরিবহণ, কৌশিক চৌধুরী স্কুল শিক্ষা ও অগ্নি ও জরুরি পরিষেবা, সুমনা সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং বিরাজ বিশ্বাস আইন ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের দায়িত্ব পেয়েছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নতুন মন্ত্রিসভার এই দফতর বণ্টনের মাধ্যমে প্রশাসনিক কাজকর্মে গতি আনার পাশাপাশি আঞ্চলিক ও সামাজিক ভারসাম্য রক্ষার বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকার। এখন নজর থাকবে নতুন মন্ত্রীরা নিজেদের দায়িত্ব কতটা কার্যকরভাবে পালন করতে পারেন, তার ওপর।

Read More News

টাটা–বক্সার–টাটা হোলি স্পেশাল ট্রেন চালাবে রেল কর্তৃপক্ষ, যাত্রীদের মিলবে অতিরিক্ত স্বস্তি

সকাল সকাল ডেস্ক পূর্ব সিংভূম : হোলি উৎসবকে কেন্দ্র করে যাত্রীদের বাড়তি ভিড় সামাল দিতে ঝাড়খণ্ডের...

Read More