সকাল সকাল ডেস্ক
কলকাতা : রাজ্যের ‘মা ক্যান্টিন’ প্রকল্পের নাম পরিবর্তন করে ‘মা-আহার’ রাখা হলো। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, কৃষি বিপণন এবং প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী দিলীপ ঘোষ এই তথ্য জানিয়েছেন।
বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ঠিক হয়েছে, এবার থেকে মা ক্যান্টিনের নাম হবে ‘মা আহার’। তবে এই প্রকল্প এবার আরও বৃহত্তর আকারে আত্মপ্রকাশ করতে চলেছে। রাজ্যের সব প্রান্তেই এবার পাঁচ টাকায় মিলবে পেটপুরে আহার। সব মিলিয়ে ৫০০ ‘মা আহার’ কেন্দ্রের কথা ঘোষণা করল সরকার। সেখানেই পাঁচ টাকাতেই পেটপুরে মধ্যাহ্নভোজন সারবেন আমজনতা।
একই সঙ্গে ‘মা আহারে’র মেনুতেও বদল আনা হচ্ছে। এবার থেকে ওই ‘মা আহার’ কেন্দ্রগুলি থেকে সপ্তাহে দু’দিন করে মাছ, সপ্তাহে দু’দিন করে ডিম খাওয়ানো হবে। বাকি তিনদিন খাওয়ানো হবে বিশুদ্ধ নিরামিষ আহার। মন্ত্রিসভার বৈঠক শেষে এই সিদ্ধান্ত ঘোষণা করেছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
রাজ্যে পালাবদলের পর ক্ষমতায় এসে বিজেপি সরকার জানিয়েছিল, রাজ্যের কোনও সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। অন্তত যে সব প্রকল্পে আমজনতা উপকৃত হন, বরং সেগুলিকে আরও বৃহত্তর আকারে প্রসারিত করা হবে। সেই মতোই নবরুপে ‘মা আহার’ হয়ে আত্মপ্রকাশ করল মা ক্যান্টিন।
উল্লেখ্য, পশ্চিমবঙ্গের গরিব ও দুঃস্থ মানুষদের মাত্র ৫ টাকায় দুপুরের খাবার দেওয়ার জন্য ২০২১ সালে মা ক্যান্টিন প্রকল্পটি চালু করে তৃণমূল সরকার। মমতা জমানায় মা ক্যান্টিনে ৫ টাকার বিনিময়ে ভাত, ডাল, সবজি ও ডিম দেওয়া হত। কয়েকদিন আগেই রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ দাবি করেন, মা ক্যান্টিনে গরিব মানুষদের মাছ-ভাত খাওয়ানো হবে। সেই মতোই সপ্তাহে দু’দিন করে মাছ-ভাত খাওয়ানো শুরু হয় এই কেন্দ্রগুলিতে। এবার মা আহারের সাতদিনের মেনু ঠিক করে দিল শুভেন্দু অধিকারীর সরকার।
No Comment! Be the first one.