পাকিস্তানি সেনার কোয়েটা থেকে মেডিক্যাল ছাত্রী অপহরণ, হোস্টেলের সামনে বিক্ষোভ

সকাল-সকাল ডেস্ক

ইসলামাবাদ। পাকিস্তানের সেনাবাহিনী বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় অবস্থিত বোলান মেডিক্যাল কলেজের গার্লস হোস্টেলে হানা দিয়ে ছাত্রী খাদিজা বালুচকে অপহরণ করেছে। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অন্যান্য ছাত্রীরা খাদিজাকে তুলে নিয়ে যাওয়ার প্রতিবাদ জানিয়ে হোস্টেলের সামনে বিক্ষোভে সামিল হয়। সকলেই খাদিজার অবিলম্বে এবং নিরাপদ মুক্তির দাবি জানায়।

দ্য বেলুচিস্তান পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ফ্রন্টিয়ার কর্পস (এফসি), মিলিটারি ইন্টেলিজেন্স (এমআই) এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)-এর আধিকারিকরা হোস্টেল থেকে খাদিজাকে আটক করে নিয়ে যায়। খাদিজা বালুচ বিএস নার্সিংয়ের সপ্তম সেমিস্টারের ছাত্রী এবং কেচ জেলার হিরোঁক এলাকার বাসিন্দা। চলতি মাসেই করাচির নওয়াল এলাকায় বসবাসকারী আওয়ারান সম্প্রদায়ের সদস্য হাসিনা বালুচকেও অপহরণ করা হয়েছে।

জানা গেছে, বেলুচিস্তানে জোরপূর্বক নিখোঁজ হওয়ার ঘটনাগুলির বিরুদ্ধে কোয়েটা প্রেস ক্লাবের সামনে ‘ভয়েস ফর বালুচ মিসিং পার্সন্স’ (ভিবিএমপি)-এর ধর্না আজ ৬১৪১তম দিনে প্রবেশ করেছে। মস্তুঙ্গ জেলার কুর্দগাপের লাদি দাশ্ত এলাকায় পাকিস্তানি সেনার হাতে নিহত যুবক রাজদূত সমলানি, আমানুল্লাহ সমলানি এবং ইরফান মোহাম্মদ হোসনির পরিবারের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, ১৬ এপ্রিল কুর্দগাপ তহসিলের লাদি দাশ্ত এলাকা থেকে পাকিস্তানি সেনা ওই তিন যুবককে আটক করে এবং পরে তাদের হত্যা করা হয়। ভিবিএমপি-র সভাপতি নসরুল্লাহ বালুচ এবং সাধারণ সম্পাদক হোভারান বালুচের প্রচেষ্টায় তিন যুবকের দেহ তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Read More News

Read More