সকাল সকাল ডেস্ক
আগরতলা : বিজেপি-র প্রতিষ্ঠা দিবস উদযাপনের মধ্যেই আসন্ন টিটিএএডিসি নির্বাচনে জয়ের ব্যাপারে দৃঢ় আশা ব্যক্ত করলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। সোমবার আগরতলায় প্রদেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, “এবার টিটিএএডিসিতে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুল ফুটতে চলেছে, যা ইতিহাস হয়ে থাকবে।”
সোমবার সারা দেশের পাশাপাশি ত্রিপুরায়ও যথাযোগ্য মর্যাদায় ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়। এই উপলক্ষ্যে আগরতলায় প্রদেশ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন রাজীব ভট্টাচার্য। এরপর কার্যালয়ের অভ্যন্তরে ভারত মাতা, জনসংঘের দুই প্রতিষ্ঠাতা ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি দলের ইতিহাস তুলে ধরে বলেন, ১৯৮০ সালের ৬ এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা হয়। এর আগে ১৯৫১ সালে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী এবং পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জনসংঘ প্রতিষ্ঠা করেন। তিনি বলেন, “জনসংঘ থেকে বিজেপি-র পথচলার ইতিহাস প্রতিটি কার্যকর্তার জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচন প্রসঙ্গে রাজীব ভট্টাচার্য আত্মবিশ্বাসী সুরে জানান, জনগণের সমর্থন নিয়ে এবার টিটিএএডিসিতেও বিজেপি সাফল্য অর্জন করবে। তাঁর দাবি, রাজ্যের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং জনমুখী নীতির উপর ভর করেই এই সাফল্য আসবে।
এদিকে, শুধু প্রদেশ কার্যালয়েই নয়, আগরতলায় বিভিন্ন মণ্ডল এবং বুথ এলাকায়ও দিনভর নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয়। পতাকা উত্তোলন, প্রতিকৃতিতে মাল্যদান এবং আলোচনা সভার মাধ্যমে দলীয় কর্মীরা দিনটি পালন করেন। একইভাবে রাজ্যের সব মহকুমা, জেলা এবং মণ্ডল কমিটির উদ্যোগেও যথাযথ মর্যাদায় বিজেপি-র প্রতিষ্ঠা দিবস উদযাপিত হয়েছে।
No Comment! Be the first one.