সকাল সকাল ডেস্ক
ওয়াশিংটন: ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ইরান সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ঘোষণাকে ঘিরে আন্তর্জাতিক মহলে জল্পনা তুঙ্গে।
বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট সামাজিক মাধ্যমে জানিয়েছেন, আগামীকাল রাত ৯টা (ইস্টার্ন টাইম) নাগাদ ট্রাম্প দেশবাসীর উদ্দেশে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন। তিনি সকলকে এই ভাষণ দেখার আহ্বানও জানান।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন যুক্তরাষ্ট্র-ইজরায়েল ও ইরান-এর মধ্যে সংঘাত শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প আগেই দাবি করেছিলেন, ইরানের সঙ্গে সরাসরি আলোচনা চলছে। যদিও ইরান সেই দাবি খারিজ করেছে। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদানপ্রদানের কথা স্বীকার করেছে তেহরান। এই আবহে ট্রাম্পের আসন্ন ভাষণকে ঘিরে বড় কূটনৈতিক বা সামরিক ঘোষণার সম্ভাবনা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।
এর আগে ট্রাম্প হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের বলেছিলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানে তাদের হামলা শেষ হবে। তিনি ওই সময় জানান, ইরানিদের সঙ্গে তাদের সম্ভাব্য চুক্তি হতে পারে।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এরপর ইরানও পালটা হামলা শুরু করে। ট্রাম্প প্রথমে জানিয়েছিলেন কয়েক সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করবেন। তবে এক মাস পেরিয়ে গেলেও; এখনো যুদ্ধ শেষ হয়নি। উল্টে পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে। যুদ্ধের শুরুতে ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। যা এখনও বন্ধই আছে। দেশটি শুধু তাদের মিত্র ও বন্ধু দেশকে সেখান দিয়ে জাহাজ পার করতে দিচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র যুদ্ধের অন্যতম লক্ষ্য ঠিক করেছে হরমুজ খোলাকে। যা যুদ্ধের আগে খোলাই ছিল।
No Comment! Be the first one.